১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় পানশালায় গুলিবর্ষণের ঘটনায় নিহত ৯, আহত ১০

অজ্ঞাত হামলাকারীরা ছোট শহর বেকার্সডালের একটি পানশালার খদ্দের ও বাইরে রাস্তায় থাকা লোকজনের ওপর গুলি ছোড়ে।

দক্ষিণ আফ্রিকায় পানশালায় গুলিবর্ষণের ঘটনায় নিহত ৯, আহত ১০
গুলিবর্ষণের সঙ্গে যারা জড়িত তাদের ধরতে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 12:30 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পশ্চিমে এক শহরের একটি পানশালায় সশস্ত্র ব্যক্তিদের গুলিতে অন্তত নয়জন নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন, জানিয়েছে পুলিশ। 

রোববার এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, রোববার স্থানীয় সময় দুপুর রাত ১টার ঠিক আগে ছোট শহর বেকার্সডালে ঘটনাটি ঘটে। গুলিবর্ষণের সঙ্গে যারা জড়িত তাদের ধরতে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছে। 

ওই বিবৃতিতে বলা হয়, “সাদা রঙের একটি মাইক্রোবাস ও রূপালি রঙের একটি সেডান গাড়ি দিয়ে অজ্ঞাত প্রায় ১২ জন সন্দেহভাজন এসে পানশালার খদ্দেরদের লক্ষ্য করে গুলি ছোড়ে আর তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার সময়ও নির্বিচার গুলিবর্ষণ করতে থাকে বলে জানা গেছে। পানশালাটি নিবন্ধিত।” 

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এসএবিসির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, অজ্ঞাত হামলাকারীরা পানশালার খদ্দের ও বাইরে রাস্তায় থাকা লোকজনের ওপর গুলি ছোড়ে। 

গাউতেং প্রদেশের পুলিশ কমিশনার ফ্রেড কেকানা বলেন, “আমরা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ করতে ব্যস্ত আছি। আমাদের কেন্দ্রীয় অপরাধ ও ব্যবস্থাপনা টিম এসে হাজির হয়েছে।” 

কী কারণে বা উদ্দেশ্যে হামলাটি চালানো হয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। কয়েকটি গণমাধ্যম হামলায় নিহতের সংখ্যা ১০ জন বলে জানিয়েছে।  

গাউতেং প্রদেশর পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিদিলি আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে বলেছেন, “১০ জন মারা গেছেন। তারা কারা, তার কোনো বিস্তারিত আমাদের কাছে নেই।”

কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।