১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হরমুজ খোলার আহ্বান চীনের, ইরান-যুক্তরাষ্ট্রকে সংযম দেখানোর তাগিদ

বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচির সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ওয়াশিংটন ও তেহরানকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট আলোচনায় বসার আহ্বান জানান।

হরমুজ খোলার আহ্বান চীনের, ইরান-যুক্তরাষ্ট্রকে সংযম দেখানোর তাগিদ

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 07:31 PM

Updated : 16 Sep 2026, 07:31 PM

আঞ্চলিক উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে যৌক্তিক আচরণ বজায় রাখা, সংযম প্রদর্শন,  ‘ইসলামাবাদ সমঝোতা’য় ফিরে আসা এবং গঠনমূলক আলোচনা শুরুর তাগিদ দিয়েছে চীন।

 হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার আর্জিও জানিয়েছে দেশটি।

বুধবার বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ওয়াশিংটন ও তেহরানকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট আলোচনায় বসার আহ্বান জানান।

একইসঙ্গে আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালি’ দ্রুত পুনরায় চালু করতে সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর তাগিদ দিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়।

বৈঠক শেষে ওয়াং ই বলেন, “আমরা দ্রুততম সময়ের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সব পক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

চলমান সংঘাতের উত্তাপ যেন ইয়েমেন ও লোহিত সাগর অঞ্চলে আর ছড়িয়ে না পড়ে, সে বিষয়েও সতর্ক করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

ইরানের বিষয়ে চীনের নীতি সবসময় ধারাবাহিক উল্লেখ করে তিনি জানান, তেহরানের সঙ্গে দ্বিপক্ষীয় যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করতে বেইজিং প্রস্তুত রয়েছে।

গেল ২৮ ফেব্রুয়ারি পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার আগে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে অন্তত ১২৫টি বড় বাণিজ্যিক জাহাজ চলাচল করত, যা বিশ্বজুড়ে অশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) মোট সরবরাহের এক-পঞ্চমাংশ বহন করত।

তবে প্রাথমিক শিপিং উপাত্ত অনুযায়ী, সংঘাত বেড়ে যাওয়ার পর মঙ্গলবার প্রণালিটি দিয়ে মাত্র ৪টি জাহাজ চলাচল করেছে, যা তার আগের দিনের ৭টি এবং বিগত ১০ দিনের গড় ১৮টির তুলনায় অনেক কম।

মঙ্গলবারের তথ্য অনুযায়ী, দুটি জাহাজ প্রণালিতে প্রবেশ করেছে এবং দুটি বের হয়েছে। অন্যদিকে, লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালি দিয়ে মঙ্গলবার ২২টি জাহাজ অতিক্রম করেছে, যার আগের দিন ছিল ২৪টি।

তবে রাডার বা নজরদারি এড়াতে যেসব জাহাজ তাদের ট্রান্সপন্ডার বন্ধ রেখেছে, সেগুলোর হিসাব এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়নি।

এর আগে সকালে একটি কূটনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে বেইজিং পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে তিনি ওয়াং ই-র সঙ্গে বৈঠকে বসেন বলে জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

নয়া দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলনের ফাঁকেও সম্প্রতি বৈঠকে বসেছিলেন এই দুই পররাষ্ট্রমন্ত্রী। চীন ইরানের অন্যতম বড় অর্থনৈতিক অংশীদার এবং তাদের জ্বালানি তেল রপ্তানির একটি বড় অংশ কিনে থাকে।

২৮ ফেব্রুয়ারি ইরান আক্রমণ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর বেইজিংয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর এটি দ্বিতীয় সশরীরে বৈঠক। এর আগে মে মাসে তাদের বৈঠকের সময় পারস্য উপসাগরে সংঘাত সম্পূর্ণ বন্ধের আহ্বান জানিয়েছিল চীন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ওয়াং ই-কে উদ্ধৃত করে জানিয়েছে, তেহরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতীয় মর্যাদার প্রতি চীনের পূর্ণ সমর্থন রয়েছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আগামীতে আলোচনার পথ সুগম করতে গত ১৭ জুনের সমঝোতা রূপরেখাটি বিভিন্ন পক্ষের মধ্যস্থতার একটি মূল্যবান অর্জন ছিল। আলোচনার যে দরজা একবার খুলেছে, তা কোনোভাবেই বন্ধ হওয়া উচিত নয়।

চলতি মাসের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একটি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

এর আগে গত মে মাসে এই দুই নেতার বৈঠক হয়েছিল। ট্রাম্প-শির আসন্ন ওই শীর্ষ বৈঠকের আগেই বেইজিংয়ে চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকটি অনুষ্ঠিত হল।