২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিনল্যান্ডে প্রভাব বিস্তারের অভিযোগ, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল ডেনমার্ক

ডেনমার্কের জাতীয় সম্প্রচারমাধ্যম ‘ডিআর’ জানায়, ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক আছে এমন অন্তত তিন মার্কিন নাগরিক গোপনে গ্রিনল্যান্ডে প্রভাব বিস্তারের তৎপরতা চালাচ্ছে।

গ্রিনল্যান্ডে প্রভাব বিস্তারের অভিযোগ, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল ডেনমার্ক
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2025, 07:07 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গ্রিনল্যান্ডে গোপনে প্রভাব বিস্তার কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কোপেনহেগেনে নিযুক্ত মার্কিন শীর্ষ কূটনীতিককে তলব করেছে ডেনমার্ক।

বুধবার ডেনমার্কের জাতীয় সম্প্রচারমাধ্যম ‘ডিআর’ এর খবরে বলা হয়, ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক আছে এমন অন্তত তিন মার্কিন নাগরিক গোপনে গ্রিনল্যান্ডে প্রভাব বিস্তারের তৎপরতা চালাচ্ছে। 

কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ডিআর বলেছে, তাদের উদ্দেশ্য গ্রিনল্যান্ডের সমাজে ঢুকে পড়া এবং ডেনমার্ক থেকে দ্বীপটিকে বিচ্ছিন্ন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করার পক্ষে প্রচার চালানো। 

তবে এই মার্কিন নাগরিকরা নিজ উদ্যোগেই একাজ করছে, নাকি কারও কাছ থেকে নির্দেশ পেয়ে কাজ করছে তা স্পষ্ট করে জানাতে পারেনি ডিআর।

 সম্প্রচারমাধ্যমটিতে এই খবর প্রচারের পরই ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন এ বিষয়ে কূটনৈতিক প্রতিবাদ জানানোর জন্য মার্কিন কূটনীতিককে তলব করেন।

ডেনমার্কের গোয়েন্দা সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে,‘প্রভাব বিস্তারের বিভিন্ন ধরনের প্রচারাভিযানের’ জন্য গ্রিনল্যান্ডকে নিশানা করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী  রাসমুসেন বলেন, “ডেনমার্কের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপের যে কোনও চেষ্টা অবশ্যই অগ্রহণযোগ্য।” তিনি জানান, সে কারণেই যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স মার্ক স্ট্রো-কে তলব করা হয়েছে।

কোপেনহেগেনে বর্তমানে যুক্তরাষ্ট্রের কোনও রাষ্ট্রদূত নেই। সকারণেই রাসমুসেন তলব করেছেন মার্ক স্ট্রো-কে;  যিনি কোপেনহেগেনে থাকা সবচেয়ে উর্ধ্বতন মার্কিন কূটনীতিক।

গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বশাসিত অঞ্চল হলেও দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের আগ্রহের কেন্দ্রে রয়েছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একাধিকবার দ্বীপটি যুক্তরাষ্ট্রের সঙ্গে জুড়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। 

গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারিও তিনি কয়েকবার দিয়েছেন। চলতি বছর ট্রাম্প এও বলেছেন, প্রয়োজনে বলপ্রয়োগ করার সম্ভাবনাও তিনি নাকচ করছেন না।

মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেছেন, কোপেনহেগেন গ্রিনল্যান্ডে পর্যাপ্ত বিনিয়োগ করছে না। কিন্তু ‘স্বশাসিত’ দ্বীপ গ্রিনল্যান্ডের উপর অধিকার ছাড়তে রাজি হয়নি ডেনমার্ক। 

কয়েক মাস আগে গ্রিনল্যান্ড সফরে গিয়ে ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন স্পষ্ট করে বলেছিলেন, “অন্য দেশের ভূখণ্ড দখল করা যায় না।”

ডেনিশ গোয়েন্দা সংস্থা পিইটি (পিইটি) বলছে, তাদের মূল্যায়ন বলছে- মার্কিন নাগরিকদের প্রভাব বিস্তার অভিযানের মূল লক্ষ্য হল গ্রিনল্যান্ডের সমাজের ভেতর থেকে ডেনমার্কের সঙ্গে সম্পর্ককে দুর্বল করে দেওয়া।

তারা সতর্ক করে দিয়ে বলেছে, বাস্তব বা মনগড়া দ্বন্দ্ব উসকে দিয়ে এই প্রভাব খাটানো হতে পারে। এজন্য সরাসরি এজেন্ট ব্যবহার বা ভুয়া তথ্য প্রচারের কৌশল নেওয়া হতে পারে।

পিইটি জানিয়েছে, তারা ইতোমধ্যে গ্রিনল্যান্ডে তাদের উপস্থিতি বাড়িয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা জোরদার করেছে।

ডেনমার্কের জাতীয় সম্প্রচারমাধ্যম ডিআর-এর বুধবারের প্রতিবেদনে বলা হয়, একজন মার্কিনি গ্রিনল্যান্ডের রাজধানী নুক শহরে গিয়ে এমন নাগরিকদের তালিকা তৈরির চেষ্টা করছেন; যারা দ্বীপটি যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার চেষ্টার পক্ষে রয়েছেন। 

এইসব মানুষকে ভবিষ্যতে গ্রিনল্যান্ডের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যোগ দেওয়ানোর চেষ্টা চালানো হতে পারে বলে জানানো হয় ডিআর এর প্রতিবেদনে।