২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনাস্থা ভোটের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীকে জবাবদিহি করাতে বিরোধীদলগুলোর জোট ‘ইন্ডিয়ার’ পক্ষ থেকে কংগ্রেস অনাস্থা প্রস্তাব এনেছে লোকসভায়। আরেকটি প্রস্তাব এনেছে ভারত রাষ্ট্র সমিতি।

অনাস্থা ভোটের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2023, 10:05 PM

Updated : 26 Jul 2023, 10:05 PM

অশান্ত ভারতের মণিপুর রাজ্য। পার্লামেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দাবিতে উত্তাল। এর মধ্যেই বিরোধীদলগুলোর জোট ‘ইন্ডিয়ার’ পক্ষ থেকে কংগ্রেস অনাস্থা প্রস্তাব পেশ করেছে নিম্নকক্ষ লোকসভায়।

বুধবার সকালে কংগ্রেস পার্টির এমপি গৌরব গগৈ এ প্রস্তাব আনেন। পৃথক আরেকটি অনাস্থা প্রস্তাব এনেছেন তেলেঙ্গানা রাজ্যের ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) সংসদ সদস্য নাগেশ্বরা রাও।

নিয়ম অনুযায়ী, সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া এবং গৃহীত হতে লোকসভার অন্তত ৫০ সদস্যের সমর্থন দরকার হয়। প্রস্তাব একবার গৃহীত হয়ে গেলে তখন স্পিকার ১০ দিনের মধ্যে ভোটের তারিখ ঘোষণা করেন। সরকার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ না করতে পারলে ইস্তফা দিতে হয়।

বিবিসি জানায়, বুধবার জমা পড়া দুটো প্রস্তাবের মধ্যে কংগ্রেস এমপি’র দেওয়া প্রথম প্রস্তাবটি গৃহীত হয়েছে। স্পিকার ওম বিড়লা বলেছেন, তিনি সব দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর প্রস্তাবটি নিয়ে আলোচনা এবং ভোটের তারিখ ঘোষণা করবেন।

বিরোধীরা মনিপুর পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দাবি করে আসছে। মোদীকে পার্লামেন্টে জবাবদিহিতে বাধ্য করতেই বিরোধীরা লোকসভায় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছে।

তবে অনাস্থা ভোটের পরীক্ষায় পাশ করতে মোদীর কোনও সমস্যা হবে না। কারণ, পার্লামেন্টে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা আছে মোদীর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জোট দল এনডিএ-এর।

‘হার’ হবে জেনেও এই প্রস্তাব পেশের বিষয়ে বিরোধীরা বলছে, এ পদক্ষেপের ফলে মোদী অন্তত মণিপুর নিয়ে কথা বলতে বাধ্য হবেন।

বিরোধীদলীয় এক এমপি মনোজ কে ঝা বুধবার বলেন, “আমরা সবাই জানি, সংখ্যাটা আমাদের অনুকূলে নেই। কিন্তু সংখ্যার বিষয়টি ভুলে যান। এটি সংখ্যার বিষয় নয়। বরং অনাস্থা প্রস্তাবের পর প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে কথা বলতে হবে। সেটিই হচ্ছে বিষয়।”

ওদিকে, কংগ্রেস নেতা মনিকম ঠাকুর বলেন, “বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনতে বাধ্য হয়েছে। কারণ এটাই ছিল শেষ অস্ত্র।”

বিষয়টি নিয়ে ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই) এমপি বিনয় বিশ্বম বলেছেন, “রাজনৈতিক কারণে রাজনৈতিক চাল হিসেবেই অনাস্থা প্রস্তাব। যে রাজনৈতিক চালের ফল মিলবে। এ প্রস্তাবের ফলে সংসদে আসতে বাধ্য হবেন প্রধানমন্ত্রী। মূলত মণিপুর-সহ পুরো দেশ নিয়ে পার্লামেন্ট কক্ষে আমরা আলোচনা করতে চাই।”

গত ৩ মে থেকেই জাতিগত সংঘর্ষে রণক্ষেত্র হয়ে আছে মণিপুর। মেইতেই জনগোষ্ঠীর তফশিলি উপজাতিভুক্ত হওয়ার দাবির বিরোধিতায় মণিপুরে হওয়া পদযাত্রা থেকেই সংঘর্ষ শুরু। তার পর থেকে জ্বলছে রাজ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে কখনও কারফিউ জারি করে, কখনও ইন্টারনেট বন্ধ করেও সেখানে শান্তি ফেরাতে পারেনি প্রশাসন।

১৫০ জনের মৃত্যুর খবর এসেছে। বহু অধিবাসী আশ্রয়হীন হয়েছে। এ পরিস্থিতির মধ্যেই ভাইরাল হয় ভিডিও। তাতেই দেখা যায়, দুই নারীকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো হচ্ছে। নির্যাতিতারা তখন রেহাই পাওয়ার আর্জি জানানোর পরও তাদের হেনস্তা করা হয়। ভিডিওটি ভাইরাল হতেই তোলপাড় শুরু হয় ভারতজুড়ে। পরে জানা যায়, দুই নারীকে দলবদ্ধভাবে ধর্ষণও করা হয়েছিল।

তদন্তে জানা যায়, ঘটনাটি আড়াই মাস পুরনো। এরপরই কেন এতদিন এ নিয়ে কেন্দ্র এবং রাজ্যের সরকার চুপ ছিল, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। চাপের মুখে ভিডিও ভাইরাল হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ধরা পড়ে মূল অভিযুক্ত। গ্রেফতার হয় আরও তিন জন।

মণিপুরে নারী নিগ্রহের ওই ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রও উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের এক মুখপাত্র ঘটনাটিকে ‘নৃশংস’ এবং ‘ভয়াবহ’ আখ্যা দিয়েছেন।

ওদিকে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ঘটনা লজ্জ্বাজনক বলে নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু পার্লামেন্টে তিনি বিষয়টি নিয়ে এখনও কোনও বিবৃতি দেননি।