কোভিডের প্রাদুর্ভাব নিয়ে চীনা বিজ্ঞানীদের নতুন প্রতিবেদন প্রকাশ
কোনও কেনও বিজ্ঞানী বলছেন, প্রাথমিকভাবে করোনাভাইরাস যে আক্রান্ত পশু থেকে মানুষের মধ্যে ছড়িয়েছে, এ গবেষণা প্রতিবেদনের মধ্য দিয়ে তার আরও প্রমাণ পাওয়া গেছে।
চীনের যে বাজার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল বলে শুরু থেকে শোনা গেছে, সেখান থেকে তিন বছরের বেশি সময় আগে সংগ্রহ করা নমুনা বিশ্লেষণের পর নতুন গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন দেশটির এক গবেষক দল।
করোনাভাইরাসের উৎস সন্ধানে হুয়ানান সামুদ্রিক খাবার এবং বন্যপ্রাণীর বাজারের কথাই মূলত শোনা গেছে।
কিন্তু ২০২০ সালে ওই বাজার থেকে সংগ্রহ করা জৈবিক আলামত বিশ্লেষণ করে প্রকাশিত এটিই প্রথম পিয়ার রিভিউ করা গবেষণা প্রতিবেদন।
বাজারে বিক্রি হওয়া প্রাণীর সঙ্গে ভাইরাসটির সংযোগ কী তা এ প্রতিবেদনে দেখানো হয়েছে। ফলে কোভিডের প্রাদুর্ভাব কীভাবে ছড়িয়ে পড়েছিল তা জানতে বিভিন্ন গবেষণার ক্ষেত্রে প্রতিবেদনটি নতুন দিকনির্দেশনা দিতে পারে।
গবেষণায় দেখা গেছে, যেসব নমুনায় করোনাভাইরাস পজিটিভ ছিল সেগুলোতে বন্য প্রাণীর জেনেটিক উপকরণও পাওয়া গেছে।
কোনও কোনও বিজ্ঞানী বলছেন, করোনাভাইরাস যে প্রাথমিকভাবে আক্রান্ত পশু থেকে মানুষের মধ্যে ছড়িয়েছে, এই গবেষণা প্রতিবেদনের মধ্য দিয়ে তার আরও প্রমাণ পাওয়া গেছে।
তবে অন্যান্যরা গবেষণার ফল ব্যাখ্যায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তাছাড়া, নমুনার মধ্যে জেনেটিক উপকরণ পাওয়ার বিষয়টি প্রকাশ করতে কেন তিন বছর সময় লেগেছে, তাও স্পষ্ট নয়।
ভাইরাসটি দুর্ঘটনাবশত উহানের গবেষণাগার থেকে ছড়িয়েছিল বলে আরেক তত্ত্বও শোনা যায়।
চীনের গবেষক দলটি ফেব্রুয়ারিতে অনলাইনে তাদের গবেষণার প্রাথমিক ফল পোস্ট করলেও বাজার থেকে সংগৃহীত নমুনা পরীক্ষায় কী জেনেটিক তথ্য পাওয়া গেছে পুরোপুরি প্রকাশ করেনি।
নতুন গবেষণা প্রতিবেদনটি ওইসব নমুমায় থাকা উপকরণ নিয়ে নেচার সাময়িকীতে বিস্তারিতভাবে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
বাজারের বিভিন্ন দোকান, খাঁচা এবং যন্ত্রপাতি থেকে এসব নমুনা সংগ্রহ করা হয়। এর আগে আন্তর্জাতিক একদল গবেষক এগুলো নিয়ে তাদের নিজস্ব মূল্যায়ন শেয়ার করেছেন।
চীনা গবেষকদের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যপ্রাণী বিক্রি হচ্ছিল এমন জায়গা থেকে সংগ্রহ করা কিছু নমুনায় ভাইরাস পজিটিভ পাওয়া গেছে।
প্রতিবেদনের বিশ্লেষণে দেখা গেছে, যেসব প্রাণী থেকে করোনাভাইরাস ছড়ায় বলে সন্দেহ করা হয়, বিশেষ করে র্যাকুন কুকুরের মতো প্রাণী ওইসব জায়গায় জ্যান্ত বিক্রি হচ্ছিল।
তবে কীভাবে কোভিডের প্রাদুর্ভাবের শুরু হল সে ব্যাপারে গবেষকরা নিশ্চিত কোনও প্রমাণ পাননি। প্রতিবেদনে বলা হয়, “পরিবেশ থেকে সংগ্রহ করা নমুনা দিয়ে প্রমাণ করা যায় না, সে প্রাণীগুলো আক্রান্ত ছিল।”
