২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিনজিয়াংয়ে ‘সম্ভবত’ মানবতাবিরোধী অপরাধ হয়েছে, বলছে জাতিসংঘ

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার হিসেবে মিশেল ব্যাশেলের দায়িত্ব পালনের শেষদিন বুধবার এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

শিনজিয়াংয়ে ‘সম্ভবত’ মানবতাবিরোধী অপরাধ হয়েছে, বলছে জাতিসংঘ

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2022, 12:40 PM

Updated : 01 Sep 2022, 01:00 PM

শিনজিয়াং প্রদেশে চীনের নিপীড়নের অভিযোগ নিয়ে দেওয়া দীর্ঘ প্রতিক্ষিত প্রতিবেদনে জাতিসংঘ বেইজিংকে ‘গুরুতর মানবাধিকার লংঘনে’ অভিযুক্ত করেছে।

একে পশ্চিমা দেশগুলোর ‘সাজানো প্রহসন’ অ্যাখ্যা দেওয়া চীন প্রতিবেদনটি প্রকাশ না করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছিল।

এ প্রতিবেদনে উইঘুর মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ খতিয়ে দেখা হয়েছে; বেইজিং শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছিল বলে জানিয়েছে বিবিসি।

তদন্ত কর্মকর্তারা বলছেন, তারা ‘সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধের বিশ্বাসযোগ্য প্রমাণ’ পেয়েছেন।

সংখ্যালঘুদের অধিকার দমন ও ‘নির্বিচারে আটকের ব্যবস্থা’ প্রতিষ্ঠিত করতে চীন জাতীয় নিরাপত্তার ভুয়া অজুহাতকে কাজে লাগাচ্ছে বলেও অভিযোগ করছেন তারা।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের জন্য করা এ প্রতিবেদনে বলা হয়েছে, শিনজিয়াংয়ের বন্দিরা বাজে আচরণের প্যাটার্নের মধ্য দিয়ে যায়, এর মধ্যে 'যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতাও' আছে।

অন্যদের জোরপূর্বক চিকিৎসা সেবা এবং ‘পরিবার পরিকল্পনা ও জন্মনিয়ন্ত্রণ নীতির বৈষম্যমূলক প্রয়োগের' মুখোমুখি হতে হয়, বলা হয়েছে এতে।

চীন যেন ‘স্বাধীনতাবঞ্চিত সকলকে মুক্তি দিতে’ পদক্ষেপ নেয় সে বিষয়ে পরামর্শের পাশাপাশি জাতিসংঘ বেইজিংয়ের কিছু কিছু কর্মকাণ্ড ‘মানবতাবিরোধী অপরাধসহ আন্তর্জাতিক অপরাধ’ হিসেবে গণ্য হতে পারে এমন ইঙ্গিতও দিয়েছে।

চীন সরকার সর্বমোট কতজনকে আটক করে রেখেছে তা নিশ্চিত নয় বলে জাতিসংঘ জানালেও দেশটির উত্তরপশ্চিম শিনজিয়াংয়ে ১০ লাখেরও বেশি মানুষ বন্দি অবস্থায় আছেন বলে অনুমান মানবাধিকার সংগঠনগুলোর।

৬০টির মতো সংগঠনের প্রতিনিধিত্ব করা বিশ্ব উইঘুর কংগ্রেস জাতিসংঘের এ প্রতিবেদনকে স্বাগত জানিয়ে এর ভিত্তিতে আন্তর্জাতিক মহলকে দ্রুত প্রতিক্রিয়া দেখাতে অনুরোধ করেছে।

“উইঘুর সংকটে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার ক্ষেত্রে এটা গেইম-চেঞ্জার। চীন সরকারের লাগাতার অস্বীকৃতির পরও সেখানে যে ভয়াবহ অপরাধ সংঘটিত হচ্ছে, জাতিসংঘ এখন তার আনুষ্ঠানিক স্বীকৃতি দিল,” বলেছে তারা।

শিনজিয়াংয়ে প্রায় এক কোটি ২০ লাখের মতো উইঘুর সম্প্রদায়ের সদস্য আছে, যাদের বেশিরভাগই মুসলমান। প্রতিবেদনে যেসব বিষয় এসেছে, তাতে অমুসলিমরাও ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন বলে অনুমান জাতিসংঘের।

যুক্তরাষ্ট্র এবং একাধিক দেশের অনেক আইনপ্রণেতা এরই মধ্যে শিনজিয়াংয়ে চীনের কর্মকাণ্ডকে ‘জাতিগত বিলোপসাধন’ হিসেবে অ্যাখ্যা দিলেও জাতিসংঘ এ ধরনের কোনো তকমা দেয়নি।

প্রকাশিত হওয়ার আগেই প্রতিবেদনটি দেখার সুযোগ পাওয়া বেইজিং শিনজিয়াংয়ে নিপীড়ন চালানোর অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে, যেসব ক্যাম্প বা শিবিরের কথা বলা হচ্ছে, সেগুলো মূলত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের উপকরণ।

জেনিভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে নিযুক্ত চীনের প্রতিনিধি দল প্রতিবেদনের ভাষ্যকে প্রত্যাখ্যান করে বলেছে, এটি চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং চীনকে ‘কলঙ্কিত করতে ও অপবাদ দিতেই’ প্রতিবেদনে এসব বলা হয়েছে।

তাদের দীর্ঘ বিবৃতিতে বলা হয়েছে, “তথাকথিত এ পর্যালোচনা মূলত একটি রাজনৈতিক দলিল যাতে সত্য উপেক্ষিত হয়েছে; যুক্তরাষ্ট্র, পশ্চিমা দেশগুলো এবং চীনবিরোধী শক্তি যে মানবাধিকারকে রাজনৈতিক উপকরণ হিসেবে ব্যবহার করছে প্রতিবেদনে তা পুরোপুরি উন্মোচিত হয়েছে।”

মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাই কমিশনার হিসেবে মিশেল ব্যাশেলের দায়িত্ব পালনের শেষদিন বুধবার এ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। তিনি চার বছর ধরে এ দায়িত্ব পালন করেছেন।

তার পুরো মেয়াদকালেই উইঘুরদের ওপর চীনের নিপীড়ন সংক্রান্ত অভিযোগ বেশি প্রাধান্য পেয়েছে। শিনজিয়াংয়ে ‘জাতিগত বিলোপসাধনের’ অভিযোগ নিয়ে তদন্ত চলছে বলে ব্যাশেলেটের কার্যালয় বছরখানেকেরও বেশি সময় আগে ইঙ্গিত দিয়েছিল।

কিন্তু এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ বারবার পিছিয়েছে।

বেইজিং প্রতিবেদনে তাদের বিরুদ্ধে আসা কথাবার্তা চেপে যেতে ব্যাশেলেটকে চাপ দিচ্ছে বলে পশ্চিমা অনেক মানবাধিকার সংগঠন বেশ কিছুদিন ধরে অভিযোগও করছিল।

এমনকী যখন প্রকাশিত হয়েছে তার কিছুক্ষণ আগেও প্রতিবেদনটি যেন প্রকাশ না করা হয়, সেজন্য চীন ব্যাশেলের ওপর চাপ প্রয়োগ করেছিল।

প্রতিবেদনটি ‘প্রকাশ করতে বা না করতে ব্যাপক চাপের মুখে’ থাকার কথা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ব্যাশেলে স্বীকারও করে নিয়েছিলেন।

প্রতিবেদন প্রকাশে দেরির সাফাইও গেয়েছেন তিনি। বলেছেন, প্রতিবেদনটি নিয়ে বেইজিংয়ের সঙ্গে আলোচনা করতে চাওয়ার অর্থ এই নয় যে এর বিষয়বস্তুর ব্যাপারে ‘আমি চোখ বুজে ছিলাম’।

তবে প্রতিবেদন প্রকাশে ‘অমার্জনীয় বিলম্বের’ নিন্দা জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালামার্ড।

চীন বলছে, তারা শিনজিয়াংযে যেসব পদক্ষেপ নিয়েছে তা সন্ত্রাসবাদ রুখতে এবং ইসলামি জঙ্গিবাদের মূলোৎপাটনে দরকার।

উইঘুরের জঙ্গিরা স্বাধীন দেশের জন্য বোমা হামলা, নাশকতা ও অরাজকতা চালানোর ছক কষছে ও সহিংস প্রচারণা চালাচ্ছে বলে চীন অভিযোগ করলেও তাদের দমনপীড়নকে বৈধতা দিতে বেইজিং ওই হুমকির বিষয়টি বাড়িয়ে বলছে বলেও পশ্চিমারা অভিযোগ করে আসছে।

গণ বন্ধ্যাকরণের মাধ্যমে চীনে উইঘুর জনসংখ্যা কমানোর চেষ্টা করছে বলে যে অভিযোগ আছে, তাকেও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বেইজিং।

জোরপূর্বক শ্রমে নিযুক্ত করার অভিযোগও ‘পুরোপুরি বানোয়াট’, বলছে তারা।