ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ‘নজিরবিহীন’ সতর্কতা
ফ্রান্সের মূল ভূখণ্ডের ৯৬ টি অঞ্চলের ৮৪ টিতে বর্তমানে তাপপ্রবাহের দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। ফরাসি জলবায়ুমন্ত্রী একে নজিরবিহীন পরিস্থিতি বলে বর্ণনা করেছেন।
ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে, বিশেষ করে ফ্রান্সে নজিরবিহীন সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ও পূর্ব ইউরোপে তাপমাত্রা বাড়ছে। ফ্রান্সজুড়ে বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের রেকর্ডসংখ্যক সতর্কবার্তা জারি করা হয়েছে।
ফ্রান্সের মূল ভূখণ্ডের ৯৬ টি অঞ্চলের ৮৪ টিতে বর্তমানে কমলা সতর্কতা জারি রয়েছে। এটি ফ্রান্সে তাপপ্রবাহের দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা। ফরাসি জলবায়ুমন্ত্রী একে “নজিরবিহীন” পরিস্থিতি বলে বর্ণনা করেছেন।
তীব্র গরমের কবলে রয়েছে স্পেন, পর্তুগাল, ইতালি, জার্মানি, যুক্তরাজ্য এবং ক্রোয়েশিয়াসহ বলকান অঞ্চলও। এই দেশগুলোতেও তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে।
স্পেন ও পর্তুগাল রোববার সবচেয়ে গরম জুন মাসের রেকর্ড গড়েছে। স্পেনের আন্দালুসিয়ার এল গ্রানাডোতে শনিবার ৪৬ ডিগ্রি সেলসিয়াস এবং পর্তুগালের মোরায় রোববার ৪৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
বহু দেশেই মানুষের সেবায় জরুরি চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে এবং মানুষজনকে যতটা সম্ভব বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ফ্রান্সজুড়ে তাপপ্রবাহে ২০০টির বেশি স্কুল আংশিক বা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী এলিজাবেথ বোর্ন জানান, শিশুদের সুরক্ষায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা হচ্ছে।
রোববার দক্ষিণাঞ্চলের পার্বত্য এলাকায় কয়েকটি জায়গায় দাবানল ছড়িয়ে পড়ে। এতে সেখানে একটি সড়কপথ বন্ধ হয়ে যায় এবং লোকজনকেও সরিয়ে নেওয়া হয়। তবে সোমবার দাবানল নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইতালির রোম, মিলান ও ভেনিসসহ ২১ টি নগরীতেও সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। দেশটির সোসাইটি অব এমার্জেন্সি মেডিসিনের ভাইস প্রেসিডেন্ট মারিও গুয়ারিনো জানান, দেশজুড়ে হিটস্ট্রোকের ঘটনায় হাসপাতালে জরুরি বিভাগে রোগীর সংখ্যা ১০ শতাংশ বেড়েছে।
যুক্তরাজ্যের কিছু অংশে সোমবার জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার আশঙ্কা রয়েছে—সেখানে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।
স্পেনও সবচেয়ে গরম জুনের রেকর্ড গড়ার পথে রয়েছে। দেশটির বেশিরভাগ অঞ্চলজুড়ে জারি রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। একইরকম পরিস্থিতি বিরাজ করছে পর্তুগালে। দেশটির রাজধানী লিসবনসহ সাতটি জেলায় রয়েছে সর্বোচ্চ সতর্কতা।
ওদিকে, জার্মান আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার ও বুধবার দেশটিতে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। তাপদাহে রাইন নদীর পানি স্তর কমে যাওয়ায় মালবাহী জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে, ফলে পণ্য পরিবহনে খরচ বেড়ে যাচ্ছে।
বলকান অঞ্চলজুড়েও দেশগুলো তীব্র তাপ মোকাবেলায় হিমশিম খাচ্ছে। যদিও দেশগুলোতে তাপমাত্রা কিছুটা ঠান্ডা হতে শুরু করেছে।
তুরস্কে সাম্প্রতিক দিনগুলোতে শত শত জায়গায় দাবানলের আগুন নেভাতে লড়াই করে যাচ্ছে দমকলকর্মীরা। ইজমিরের কাছাকাছি সেফেরিহিসার জেলায় দাবানলে ২০টি বাড়ি পুড়ে গেছে এবং বহু এলাকা খালি করে দেওয়া হয়েছে।
ক্রোয়েশিয়া, গ্রিস, সার্বিয়া, বসনিয়া ও স্লোভেনিয়াতেও তীব্র তাপমাত্রা রেকর্ড হয়েছে। গ্রিসের রাজধানী এথেন্সের আশপাশে দাবানলে ঘরবাড়ি পুড়ে গেছে। সার্বিয়ায় বুধবার রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা এবং বসনিয়ার সারায়েভোতে বৃহস্পতিবার রেকর্ড ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
উত্তর মেসিডোনিয়ার রাজধানীতে শুক্রবার তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এই মাত্রার তাপমাত্রা কয়েকদিন ধরে চলবে ধারণা করা হচ্ছে।
তীব্র গরম কেবল স্বাস্থ্যের জন্য হুমকি নয়, জলবায়ু ও পরিবেশেও প্রভাব ফেলছে। অ্যাড্রিয়াটিক সাগরের উষ্ণ পানিতে বিষাক্ত লায়নফিশের মতো বহিরাগত প্রজাতির বিস্তার ঘটছে এবং হিমবাহ আরও দ্রুত গলে যাচ্ছে।
জাতিসংঘের আন্তঃসরকার জলবায়ু পরিবর্তন প্যানেলের মতে, মানব সৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তনের হচ্ছে, ফলে তাপপ্রবাহ আরও ঘন ও তীব্র হচ্ছে।
যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের এক জলবায়ুবিদ বলেন , “উষ্ণ এবং বেশি আর্দ্র বায়ুমণ্ডল ভূমির আর্দ্রতা দ্রুত শুষে নিচ্ছে। ফলে মাঝারি তাপমাত্রাও এখন চরম তাপদাহে রূপ নিচ্ছে।”
