২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশ গুপ্তচর জাহাজ হুমকি হয়ে উঠলে সামরিক বিকল্প প্রস্তুত: যুক্তরাজ্য

রাশিয়ার ইয়ানতার গুপ্তচর জাহাজ প্রথম যুক্তরাজ্যের জলসীমার কাছে রাজকীয় বিমান বাহিনীর পাইলটদের দিকে লেজার তাক করার পর এই হুঁশিয়ারি দিলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী।

রুশ গুপ্তচর জাহাজ হুমকি হয়ে উঠলে সামরিক বিকল্প প্রস্তুত: যুক্তরাজ্য
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2025, 11:57 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

রুশ গুপ্তচর জাহাজ ‘ইয়ানতার’ হুমকি হয়ে উঠলে সামরিক পদক্ষেপ নিতে যুক্তরাজ্য প্রস্তুত বলে হুঁশিয়ার করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি।

রাশিয়ার এই গুপ্তচর জাহাজ প্রথমবারের মতো যুক্তরাজ্যের জলসীমার কাছে তাদের কার্যক্রম নজরদারিতে রাখা ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর পাইলটদের দিকে লেজার তাক করার পর হ্যালি এই হুঁশিয়ারি দিলেন।

ব্রিটিশ রয়্যাল নেভি ও রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) নিয়মিত জাতীয় নিরাপত্তায় সম্ভাব্য হুমকি নজরদারি করে আসছে। 

২০২২ সালে রাশিয়ার ইউক্রেইন আগ্রাসনের পর থেকে রুশ জাহাজ ও সাবমেরিন নজরে রাখার জন্য আরএএফ এর এ ধরনের টহল অভিযান আরও জোরদার হয়েছে। 

এই নজরদারিতে ব্যাঘাত ঘটাতেই এবার রুশ গুপ্তচর জাহাজ থেকে আরএএফ পাইলটদের দিকে লেজার তাক করা হয় বলে ভাষ্য ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী হিলির।

বুধবার তিনি বলেন, আরএএফ পাইলটদের দিকে ‘ইয়ানতার’ থেকে লেজার তাক করাটা ছিল ‘চরম বিপজ্জনক’। যুক্তরাজ্য সরকার বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছে।

“রুশ গুপ্তচর জাহাজ ইয়ানতার এর পরবর্তী পদক্ষেপ কী হয় তার ওপর ভিত্তি করে যুক্তরাজ্য প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। ইয়ানতার দিক পরিবর্তন করলে আমাদের হাতে সামরিক বিকল্প প্রস্তুত আছে”, বলেন হিলি।

তিনি জানান, জাহাজটি স্কটল্যান্ডের উত্তরে ছিল এবং এ বছর গত কয়েকসপ্তাহে সেটি দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যের জলসীমায় প্রবেশ করেছে।

হিলি আরও বলেন,  “রাশিয়া এবং প্রেসিডেন্ট পুতিনকে আমার বার্তা হল: আমরা আপনাদেরকে দেখছি। আমরা জানি আপনারা কি করছেন। এ সপ্তাহে ইয়ানতার দক্ষিণে যাত্রা করলে আমরা প্রস্তুত আছি।”

গোয়েন্দা তথ্য সংগ্রহ  এবং সমুদ্রের তলদেশে কেবল ম্যাপিংয়ের কাজ করে ইয়ানতার। রয়েল নেভি ফ্রিগেট এবং আরএএফ ইয়ানতার জাহাজের প্রতিটি গতিবিধি নজরে রাখার সময় লেজার রশ্মি তাক করার ঘটনা ঘটে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী হিলি বলেন, নৌবাহিনীর দিক নির্দেশনা পরিবর্তন করা হয়েছে, যাতে যুক্তরাজ্যের জলসীমায় ইয়ানতারের গতিবিধি আরও নিবিড়ভাবে নজরে রাখা যায়।