১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিউ জিল্যান্ডের দুর্গম সৈকতে আটকা পড়া ৬ তিমির মৃত্যু

জীবিত ১৫টি তিমিকে দ্রুত সমুদ্রে ফেরাতে স্বেচ্ছাসেবকরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউ জিল্যান্ডের দুর্গম সৈকতে আটকা পড়া ৬ তিমির মৃত্যু
তিমিগুলোকে ঠাণ্ডা রাখতে স্বেচ্ছাসেবকরা তাদের ওপর বালতি ভরে পানি ঢালছেন। ছবি: প্রজেক্ট জোনাহ/বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2026, 02:10 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

নিউ জিল্যান্ডের সাউথ আইল্যান্ডের দুর্গম সৈকতে আটকা পড়া তিমিগুলোর মধ্যে ৬টির মৃত্যু হয়েছে।

স্বেচ্ছাসেবকরা এখনও জীবিত ১৫টি তিমিকে দ্রুত সমুদ্রে ফেরাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছে বিবিসি।

বৃহস্পতিবার ফেয়ারওয়েল স্পিট সৈকতে ৫৫টির মতো পাইলট তিমি ভেসে এসেছিল। এদের বেশিরভাগই শেষ পর্যন্ত সমুদ্রে ফিরে যেতে পারলেও জীবিত ১৫টি তিমি এখনও আটকে রয়েছে এবং তীরের এক কিলোমিটার এলাকার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।

সমুদ্রের স্তন্যপায়ী প্রাণীদের নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা প্রজেক্ট জোনাহ-র দেওয়া ভিডিওতে তিমিগুলোকে ঠাণ্ডা রাখতে তাদের ওপর বালতি ভরে পানি ঢালতে দেখা গেছে।

“যখন জোয়ার আসবে, তিমিগুলোকে একত্রিত করে গভীর পানিতে নিয়ে যেতে আমাদের ত্বরিত ব্যবস্থা নিতে হবে,” বলেছেন প্রজেক্ট জোনাহ-র লুইজা হকস।

পাইলট তিমি অত্যন্ত সমাজবদ্ধ প্রাণী, এদের একে অপরের দিকে খেয়াল রাখার স্বাভাবিক প্রবৃত্তি রয়েছে।

স্বেচ্ছাসেবীরা আশা করছেন, আটকে থাকা ১৫টি তিমিকে ‘একটি সুসংগঠিত ছোট দল’ আকারে একত্রিত করতে, যাতে তারা একে অপরকে পুনরায় চিনতে পারে এবং একসাথে ফিরে যেতে পারে, বলেছেন হকস।

তারা শুক্রবার বিকালে তিমিগুলোকে ভাসানোর চেষ্টা করবেন, কিন্তু সময় খুবই সীমিত।

“জোয়ার শুরু হয়ে স্তিমিত হয়ে আসার আগেই আমাদের সব করতে হবে,” বলেছেন তিনি।  

এ কাজের জন্য প্রজেক্ট জোনাহ আরও স্বেচ্ছাসেবীর সহযোগিতা চেয়েছে। 

আরও তিমি আটকা পড়ে কিনা তা পর্যবেক্ষণে ফেয়ারওয়েল স্পিটে রেঞ্জার্স, একটি নৌকা ও একটি ড্রোন মোতায়েন করেছে নিউ জিল্যান্ডের প্রাণী সংরক্ষণ বিভাগ।  

সাউথ আইল্যান্ডের উত্তর প্রান্তে অবস্থিত ফেয়ারওয়েল স্পিটে প্রায়ই তিমি আটকে পড়ার ঘটনা ঘটে। 

একে প্রাকৃতিকভাবে তৈরি ‘তিমি ফাঁদ’ হিসেবে দেখছে সংরক্ষণ বিভাগ। ফেয়ারওয়েল স্পিট সৈকতটি দীর্ঘ-পাখনাবিশিষ্ট তিমির অভিবাসন পথের ধারে অবস্থিত।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে এ সৈকতে ৪০০-র বেশি দীর্ঘ-পাখনাবিশিষ্ট পাইলট তিমি ভেসে এসেছিল। একশ বছরেরও বেশি সময়ের মধ্যে একসঙ্গে এত তিমি আটকা পড়ার ঘটনা নিউ জিল্যান্ড কখনোই দেখেনি।