মিয়ানমারের জালিয়াতি কেন্দ্র থেকে মুক্ত বাংলাদেশিসহ ২৬০ বিদেশি
মিয়ানমারের কারেন রাজ্যে টেলিকম জালিয়াতি কেন্দ্রে কাজ করা ২০ টি দেশের কর্মীকে মুক্ত করে থাইল্যান্ডের কাছে হস্তান্তর করেছে মিয়ানমারের ডেমোক্র্যাটিক কারেন বেনেভলেন্ট আর্মি।
মিয়ানমারের কারেন রাজ্যে টেলিকম জালিয়াতি কেন্দ্রে কাজ করা ২০ টি দেশের ২৫০ জনেরও বেশি মানুষকে মুক্ত করে থাইল্যান্ডে নিয়ে গেছে জাতিগত একটি শসস্ত্র গোষ্ঠী। মুক্ত এই কর্মীদের মধ্যে রয়েছেন বাংলাদেশিও।
বিবিসি-র প্রতিবেদনে বলা হয়, জালিয়াতি কেন্দ্র থেকে মুক্ত কর্মীদের অর্ধেকের বেশিই আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। মিয়ানমারের ডেমোক্র্যাটিক কারেন বেনেভলেন্ট আর্মি (ডিকেবিএ) তাদেরকে থাইল্যান্ডের কাছে হস্তান্তর করেছে। এই বিদ্রোহী গোষ্ঠী কারেন রাজ্যের একটি অংশ নিয়ন্ত্রণ করে।
ডিকেবিএর এক কমান্ডার মঙ্গলবার থাইল্যান্ডের এক সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করে ২৬০ জন কর্মীকে হস্তান্তরের ব্যবস্থা করেন। থাই সেনাবাহিনী তাদের গ্রহণ করেছে। তারা মানব পাচারের শিকার হয়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এই কর্মীদের ২২১ জন পুরুষ ও ৩৯ জন নারী। তারা বাংলাদেশ, ইথিওপিয়া, কেনিয়া, ফিলিপিন্স, মালয়েশিয়া, পাকিস্তান, চীন, ইন্দোনেশিয়া, তাইওয়ান, নেপাল, উগান্ডা, লাওস, বুরুন্ডি, ব্রাজিল, নাইজেরিয়া, তাঞ্জানিয়া, শ্রীলঙ্কা, ভারত, ঘানা ও কম্বোডিয়ার নাগরিক।
গত সপ্তাহে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করে থাই-মিয়ানমার সীমান্তে ছেয়ে যাওয়া জালিয়াতি কেন্দ্রগুলো বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
পরে থাই সরকার সীমান্তে তাদের অংশ থেকে প্রতারণা কেন্দ্রগুলোর বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ করে এবং ব্যাংকিং ও ভিসার নিয়মও কঠোর করে, যাতে প্রতারকরা কর্মী ও অর্থ পাচারে থাইল্যান্ডকে ট্রানজিট দেশ হিসেবে ব্যবহার করতে না পারে।
বিদেশি কর্মীদেরকে সাধারণত ভাল বেতনের প্রতিশ্রুতি দিয়ে আকৃষ্ট করে প্রতারকরা। কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে মিয়ানমারে নয় বরং থাইল্যান্ড ভিন্নধর্মী চাকরির প্রলোভন দেখিয়ে ঠকায়। সাইবার-জালিয়াতির জন্য সাধারণত ইংরেজি ও চীনা ভাষায় দক্ষদেরকেই নিশানা করে প্রতারকরা।
বিদেশি কর্মীদেরকে দিয়ে সাধারণত যেসব প্রতারণা করানো হয়, সেগুলোর মধ্যে রয়েছে—‘পিগ বুচারিং’এবং ক্রিপ্টো প্রতারণা, অর্থ পাচার এবং অবৈধ জুয়া।
কিছু কর্মী নিজের ইচ্ছায় এসব কাজ করলেও অনেককেই জোর করে আটকে রাখা হয় এবং তাদের পরিবার মুক্তির জন্য বড় অঙ্কের মুক্তিপণ দিলেই কেবল তাদেরকে ছাড়া হয়।
এসব কেন্দ্র থেকে যারা এর আগে পালিয়ে যেতে পেরেছেন, তারা নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন।
মিয়ানমারের ডেমোক্র্যাটিক কারেন বেনেভলেন্ট আর্মির (ডিকেবিএ) মতো কারেন রাজ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে তাদের ছত্রছায়ায় প্রতারণা কেন্দ্রগুলো চালাতে দেওয়ার অভিযোগ আছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই-এর আদলে গড়া থাইল্যান্ডের বিশেষ তদন্ত বিভাগ (ডিএসআই) মিয়ানমারের আরেক সশস্ত্র গোষ্ঠী কারেন ন্যাশনাল আর্মির তিন কমান্ডারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছে।
এর মধ্যে আছে কারেন যোদ্ধা ও ব্যবসায়ী স চিত থুয়ের নাম। ২০১৭ সালে তিনি চীনের একটি কোম্পানির সঙ্গে চুক্তি করে ‘শয়ে কোক্কো’ নামের নতুন শহর গড়ে তোলেন। প্রতারণা করে পাওয়া অর্থেই তিনি এ শহর গড়েন বলে ধারণা করা হয়।
বিবিসি আমন্ত্রণ পেয়ে শহরটি পরিদর্শন করেছে। শহরটি নির্মাণকারী প্রতিষ্ঠান ইয়াতাই দাবি করেছে, সেখানে আর জালিয়াতি কার্যক্রম নেই। শহরজুড়ে বিলবোর্ডে লেখা রয়েছে—জোরপূর্বক শ্রম নিষিদ্ধ এবং ‘অনলাইন ব্যবসা’ এখান থেকে চলে যেতে হবে।
তবে স্থানীয়রা জানান, শহরটিতে প্রতারণার কার্যক্রম এখনও চলছে। একটি জালিয়াতি কেন্দ্রে কাজ করেছেন এমন এক কর্মীর সাক্ষাৎকারও নিয়েছে বিবিসি।
ডিকেবিএ’- এর মতো স চিত থু ও ১৯৯৪ সালে মিয়ানমারের মূল কারেন বিদ্রোহী গোষ্ঠী কেএনইউ থেকে বেরিয়ে গিয়ে দেশটির সেনাবাহিনীর সঙ্গে যোগ দেন।
এরপর থাইল্যান্ড এবং চীনের চাপের মুখে স চিত থু এবং ডিকেবিএ উভয়ই বলেছে, তারা তাদের অঞ্চল থেকে প্রতারণা ব্যবসা তুলে দিচ্ছে।
