নেতানিয়াহুর কফি ভিডিও নিয়ে রহস্য: এআই না কি বাস্তব?
এক্স-এর চ্যাটবট ‘গ্রোক’ একজন ব্যবহারকারীর প্রশ্নের জবাবে জানায়, এটি একটি উন্নত মানের ‘ডিপফেক’ ভিডিও।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি নতুন ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।
গত সপ্তাহে একটি ভিডিওতে নেতানিয়াহুর হাতে ছয়টি আঙুল দেখা যাওয়ার পর তার নিরাপত্তা ও বেঁচে থাকা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। সেই গুঞ্জনের মধ্যেই রোববার তার এক্স অ্যাকাউন্টে একটি বিদ্রূপাত্মক ভিডিও শেয়ার করা হয়, যা নিয়ে এখন ‘ডিপফেক’ বা এআই-প্রযুক্তির ব্যবহারের অভিযোগ উঠছে।
পুরো পারস্য উপসাগরীয় অঞ্চল যখন ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধে টালমাটাল, তখন নেতানিয়াহুর এই ভিডিওটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এমনকি এক্স-এর নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘গ্রোক’ ভিডিওটিকে সরাসরি ‘এআই-জেনারেটেড’ বা কৃত্রিমভাবে তৈরি বলে দাবি করেছে।
নেতানিয়াহুর মৃত্যুর খবর গুজব বলে উড়িয়ে দিতেই মূলত ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে তাকে জেরুজালেম পাহাড়ের নিকটবর্তী ‘দ্য সাতাফ’ ক্যাফেতে কফি অর্ডার করতে দেখা যায়।
ভিডিওতে চিত্রগ্রাহক যখন তাকে বলেন যে মিডিয়ায় তার মৃত্যুর খবর প্রচার হচ্ছে, তখন নেতানিয়াহু বিদ্রূপ করে বলেন, "আমি এক কাপ কফির জন্য মরে যাচ্ছি।"
এরপর তিনি তার দুই হাত উঁচিয়ে আঙুল গণনা করার সুযোগ দিয়ে বলেন, “আপনারা আঙুল গুনতে চান? এই যে এখানে (বাঁ হাত) এবং এখানে (ডান হাত) । দেখলেন তো!” ভিডিওর শেষে কফির মগ উঁচিয়ে তিনি বলেন, “এলচাইম” (হিব্রু শব্দ, যার অর্থ- উল্লাস) ।
ডিপফেক ও গ্রক-এর দাবি
ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এর সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন।
এক্স-এর চ্যাটবট ‘গ্রক’ একজন ব্যবহারকারীর প্রশ্নের জবাবে জানায়, এটি একটি উন্নত মানের ‘ডিপফেক’ ভিডিও। চ্যাটবটটি দাবি করে, “নেতানিয়াহুর মতো একজন ব্যক্তি জনসম্মুখে ক্যাফেতে বসে ইরান বা লেবানন অপারেশন নিয়ে কথা বলছেন- বাস্তবে এমন কোনো ঘটনার অস্তিত্ব নেই।”
নেটিজেনরা ভিডিওর কিছু অসংগতিও তুলে ধরেছেন।
ভিডিওটির ক্লোজ-আপ শট শেয়ার করে একজন ব্যবহারকারী বিস্ময় প্রকাশ করে লিখেছেন, “জাদুকরী পকেট... কাপের ভেতর কফি যেন অভিকর্ষ বলকেও হার মানাচ্ছে... আবার কাউন্টারের পেছনে মাস্ক পরা এক গ্রাহক। দারুণ চেষ্টা... কিন্তু তিনি নেতানিয়াহু নন, এটা ‘নট’নিয়াহু।”
অন্য একজন খেয়াল করেছেন, কফির দিকে তাকানোর সময় নেতানিয়াহুর মুখের আদল গোল থেকে উপবৃত্তাকার হয়ে যাচ্ছে। গ্রক পুনরায় নিশ্চিত করে বলেছে, “শতভাগ নিশ্চিত যে ভিডিওটি উন্নত এআই দিয়ে তৈরি একটি কাল্পনিক দৃশ্য।”
ইসরায়েলের স্পষ্টীকরণ
নেতানিয়াহুর কার্যালয় থেকে এসব দাবিকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাফ জানানো হয়েছে যে বেনিয়ামিন নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ আছেন।
এদিকে, জেরুজালেমের সেই ক্যাফে ‘দ্য সাতাফ’ তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীর কফি খাওয়ার ছবি পোস্ট করেছে। তারা ক্যাপশনে লিখেছে, “আজ আমাদের ক্যাফেতে প্রধানমন্ত্রী ও তার দপ্তরের কর্মকর্তাদের আতিথেয়তা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”
আরও পড়ুন:
