Published : 12 Oct 2025, 11:58 AM
দক্ষিণ চীন সাগরে বিতর্কিত এক দ্বীপের কাছে চীনা কোস্ট গার্ডের জাহাজ ফিলিপিন্সের একটি নৌযানকে ধাক্কা মেরেছে ও জলকামান ব্যবহার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার ফিলিপিন্সের নিয়ন্ত্রণাধীন থিটু দ্বীপের কাছে হওয়া এ ঘটনা দক্ষিণ চীন সাগরের জলসীমাকে ঘিরে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে, ম্যানিলা একে ‘সুস্পষ্ট হুমকি’ও আখ্যা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ফিলিপিন্সের কোস্ট গার্ড বলছে, স্থানীয় মৎস্যজীবীদের সুরক্ষা দিতে সরকারি এক কর্মসূচির অংশ হিসেবে রোববার ভোরের দিকে বিআরপি দাতু পাগবুয়াসহ ফিলিপিন্সের তিনটি নৌযান থিটু দ্বীপের (স্থানীয়দের কাছে পাগাসা দ্বীপ নামে পরিচিত) কাছে নোঙর করে। সেসময় তাদের ভয় দেখাতে চীনা জাহাজগুলো ছুটে আসে এবং জলকামান ব্যবহার করে বলে খবর পাওয়া গেছে।
ঘণ্টাখানেক পর চীনা কোস্টগার্ডের একটি জাহাজ বিআরপি দাতু গাগবুয়াকে লক্ষ্য করে জলকামান থেকে পানি ছোড়ে এবং এরপর পেছন থেকে ধাক্কা দেয়, এতে নৌযানটির সামান্য ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি, বলেছে ফিলিপিন্স কোস্ট গার্ড।
এ ঘটনার পরও ওই এলাকায় কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেছে ম্যানিলার কোস্ট গার্ড ও ব্যুরো অব ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াটিক রিসোর্সেস। ফিলিপিন্সের মৎস্যজীবীদের জীবিকার সুরক্ষায় এ উপস্থিতি জরুরি, বলছে তারা।
ফিলিপিন্সের অভিযোগ প্রসঙ্গে রয়টার্স ম্যানিলায় অবস্থিত চীনা দূতাবাসের মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে তাদের দিক থেকে সাড়া পাওয়া যায়নি।
চলতি বছর দক্ষিণ চীন সাগরের জলসীমা, বিশেষ করে মাছের জন্য সুপরিচিত স্কারবরো শোয়াল এলাকা ঘিরে চীন ও ফিলিপিন্সের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়তে দেখা যাচ্ছে।
চীন দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটারই মালিকানা দাবি করে আসছে। প্রতিবছর সমুদ্রপথে ৩ লাখ কোটি ডলারের বেশি বাণিজ্য হয় যে জলসীমায়, তার বেশ কিছু অংশের মালিকানা দাবি করছে ব্রুনেই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স ও ভিয়েতনামও।