২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে আবার উত্তেজনা বেড়েছে, একজন নিহত

দুই দেশ বুধবার বিতর্কিত সীমান্ত এলাকায় একে অপরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছে। গুলিতে একজন নিহত হওয়ার খবর জানান কম্বোডিয়ার প্রধানমন্ত্রী।

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে আবার উত্তেজনা বেড়েছে, একজন নিহত
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে হেঁটে যাচ্ছে এক কম্বোডীয় সেনা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 12:02 AM

Updated : 26 Aug 2026, 05:06 PM

গোলযোগপূর্ণ থইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষে ফের উত্তেজনা বেড়েছে। গুলিতে এক গ্রামবাসী নিহত হওয়ার খবর জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী।

বুধবারের এই ঘটনায় দুই দেশ বিতর্কিত সীমান্ত এলাকায় একে অপরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছে। এতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সই হওয়া অস্ত্রবিরতি ভেঙে পড়ার ঝুঁকিতে পড়েছে।

কম্বোডিয়া সীমান্তের কাছে গত সোমবার টহল দেওয়ার সময় স্থলমাইন বিস্ফোরণে এক থাই সেনার পা হারানো নিয়ে টান টান উত্তেজনার মধ্যে দুই দেশের বিতর্কিত সীমান্তে এই গুলির ঘটনা ঘটল।

থাইল্যান্ড মঙ্গলবার স্থলমাইন বিস্ফোরণের জন্য কম্বোডিয়াকে দোষারোপ করেছে এবং শান্তিচুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে।

বুধবার থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা চায় ভূমিমাইন বিস্ফোরণে সেনা আহতের ঘটনার জন্য কম্বোডিয়া ক্ষমা প্রার্থনা করুক। 

তবে কম্বোডিয়া নতুন মাইন স্থাপনের অভিযোগ অস্বীকার করেছে এবং অক্টোবরের চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে। চুক্তিটি গত জুলাই মাসে পাঁচ দিনের সীমান্ত সংঘর্ষ শেষ করতে অস্ত্রিবিরতি নিয়ে ট্রাম্পের প্রাথমিক আলোচনার ভিত্তিতে সই হয়েছিল।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার বিকাল ৩:৫০ মিনিটের দিকে বিতর্কিত সীমান্ত গ্রামে থাই সেনারা গুলি চালায়। এতে একজন নিহত এবং তিনজন আহত হয়েছে।

থাইল্যান্ডের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল উইনথাই সুভারী বলেন, কম্বোডিয়ার সেনারা প্রথমে গুলি চালায়। জবাবে থাই বাহিনী সতর্কীকরণ গুলি চালায়। থাই অংশে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। সংঘর্ষ প্রায় ১০ মিনিট স্থায়ী হয়।

এই সীমান্ত এলাকা, যা থাইল্যান্ডের মতে সা কেয়ো প্রদেশের বান নং ইয়াকাউ গ্রামে, এবং কম্বোডিয়ার মতে বান্টেয় মিয়াঞ্চে প্রদেশের প্রেয় চ্যান গ্রামে অবস্থিত, এর আগেও সংঘর্ষের কেন্দ্রবিন্দু হয়েছে। 

জুলাইয়ের সংঘর্ষে অন্তত ৪৮ জন নিহত এবং প্রায় ৩ লাখ মানুষ অস্থায়ীভাবে বাস্তুচ্যুত হয়েছিল। বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, সীমান্তের এই অংশে স্থলমাইন বিস্ফোরণের ঘটনাগুলো গত কয়েক মাস ধরে সংঘর্ষের একটি গুরুত্বপূর্ণ কারণ। 

দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দুই দেশ থাইল্যান্ড এবং কম্বেডিয়া প্রায় একশ বছরের বেশি সময় ধরে ৮১৭ কিমি (৫০৮ মাইল) দীর্ঘ অরেখিত সীমান্তকে কেন্দ্র করে সার্বভৌমত্ব নিয়ে বিরোধে রয়েছে। দুই দেশের সীমান্ত প্রথম চিহ্নিত করা হয় ১৯০৭ সালে, ফ্রান্সের শাসনকালে।