Published : 30 Jul 2026, 10:43 PM
মিশরের ভূমধ্যসাগরীয় দামিয়েত্তা বন্দরে গ্যাসবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যে সুয়েজ খাল সংলগ্ন এলাকায় এ হামলা পশ্চিম এশিয়ায় যুদ্ধ আরও ছড়িয়ে হওয়ার নতুন সংকেত দিচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, সুয়েজ খাল বর্তমানে সমুদ্রপথে সৌদি আরবের তেল রপ্তানির অন্যতম শেষ নিরাপদ পথ। ফলে খালটির কাছে হামলা আন্তর্জাতিক জাহাজ চলাচলে হুমকি সৃষ্টি করেছে।
মিশরের মন্ত্রিসভা বৃহস্পতিবার জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সঙ্গে সংযুক্তকারী সুয়েজ খালের কাছে দামিয়েত্তা বন্দরে বুধবার ড্রোন হামলায় দুটি জাহাজে আগুন ধরে যায়।
কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে মিশরের মন্ত্রিসভা।
ঘটনাটি সম্পর্কে অবগত বাণিজ্যিক কয়েকটি সূত্রে বলা হয়, ড্রোনটি যুক্তরাষ্ট্রের-মালিকানাধীন ‘এনারগোস উইন্টার’ নামক গ্যাস ট্যাঙ্কারে আঘাত হানে এবং পরবর্তীতে আগুন পাশের আরেকটি জাহাজে ছড়িয়ে পড়ে।
ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা ও হতাহত
পশ্চিম এশিয়ায় মার্কিন বাহিনীর ওপর একাধিক হামলার জবাবে রাতে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) সামরিক কমান্ড সেন্টার ও ড্রোন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কেশম দ্বীপে মার্কিন হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত ও দুই শিশু আহত হয়েছে। এছাড়া জানজান প্রদেশে আইআরজিসি-র তিন সদস্য নিহত হন এবং আহওয়াজ শহরের দুটি ছাত্রাবাস ক্ষতিগ্রস্ত হয়।
মার্কিন বিমান হামলার জবাবে জর্ডানে যুক্তরাষ্ট্রের পরিচালিত আজরাক সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। অন্যদিকে জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা আকাশসীমায় পাঁচটি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
একই সময়ে উত্তর কুয়েতে চীনা এক প্রতিষ্ঠানের মালিকানাধীন ভবনে ইরানি হামলায় এক কর্মী নিহত এবং ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মার্কিন অভিযানে প্রকাশ্যে যোগ দিয়েছে সৌদি আরব
পাঁচ মাস ধরে চলা ইরান যুদ্ধে এই প্রথম প্রকাশ্যে মার্কিন বাহিনীর পাশাপাশি বিমান হামলায় যোগ দিয়েছে সৌদি আরব।
ইরাক থেকে পরিচালিত ড্রোন হামলার জবাবে পূর্ব ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এ যৌথ হামলা চালানো হয়।
সৌদি গোয়েন্দা তথ্যে জানা যায়, চলতি সপ্তাহে ইয়ামেনের হুতি বিদ্রোহীরা ইরাকি গোষ্ঠীগুলোর সঙ্গে সমন্বয় করে ইরাকের মাটি ব্যবহার করে সৌদি আরবের তেল স্থাপনায় এসব হামলা চালায়।
যৌথ হামলার পরপরই সৌদি প্রতিরক্ষামন্ত্রী ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করে সংঘাত আর না বাড়ানোর জন্য ট্রাম্প প্রশাসনকে আহ্বান জানান।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার মাধ্যমে এই যুদ্ধের সূচনা হয়েছিল, যা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মাত্র কয়েক সপ্তাহ স্থায়ী হবে বলে জানিয়েছিলেন।
জুনে একটি অস্থায়ী যুদ্ধবিরতি হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত নতুন করে তীব্র রূপ নেয়।