ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশ, ৪ ফিলিস্তিনপন্থি অভিযুক্ত
যুক্তরাজ্যের স্বার্থ বা নিরাপত্তা হানির উদ্দেশ্যে জেনেশুনে নিষিদ্ধ এলাকায় প্রবেশ এবং ক্ষয়ক্ষতি সাধনের চক্রান্ত করার ফৌজদারি অপরাধের অভিযোগ দায়ের হয়েছে চারজনের বিরুদ্ধে।
ইসরায়েলকে যুক্তরাজ্যের সমর্থনের প্রতিবাদে গত মাসে ইংল্যান্ডের একটি সামরিক বিমান ঘাঁটিতে অনুপ্রবেশ করে দুটো বিমানের ক্ষতিসাধন করার অভিযোগ আনা হয়েছে ৪ ফিলিস্তিনপন্থির বিরুদ্ধে।
ব্রিটিশ পুলিশের সন্ত্রাসবিরোধী শাখা জানিয়েছে, যুক্তরাজ্যের স্বার্থ বা নিরাপত্তা হানির উদ্দেশ্য নিয়ে জেনেশুনে একটি নিষিদ্ধ এলাকায় প্রবেশ এবং ক্ষয়ক্ষতি সাধনের চক্রান্ত করার ফৌজদারি অপরাধের অভিযোগ দায়ের হয়েছে তাদের বিরুদ্ধে।
অভিযুক্তদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। তারা কাস্টডিতে আছে। বৃহস্পতিবার তাদেরকে লন্ডনের একটি আদালতে হাজির করা হবে। পুলিশ বলেছে, তারা সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত অপরাধের প্রমাণ আদালতে পেশ করবে।
ফিলিস্তিপন্থি সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’ জানিয়েছে, গত ২০ জুন ইংল্যান্ডে অক্সফোর্ডশায়ারের বিমান ঘাঁটিতে অনুপ্রবেশ ও বিমান ক্ষতিগ্রস্ত করার ঘটনার নেপথ্যে রয়েছে তারাই।
তারা জানায়, ঘাঁটিতে ঢুকে পরিবহন ও জ্বালানি সরবরাহে ব্যবহৃত দুটি বিমানে লাল রঙ ছিটিয়ে দেওয়া হয়। পুলিশ বলছে, অভিযুক্ত চারজন ‘ব্রিজ নরটন রয়্যাল এয়ার ফোর্স’ ঘাঁটির দুই বিমানের ৭০ লাখ পাউন্ড পরিমাণ আর্থিক ক্ষতিসাধন করেছে।
ওই ঘটনার পর সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে সংগঠনটিকে নিষিদ্ধের পক্ষে এরই মধ্যে ভোট দিয়েছেন ব্রিটিশ আইনপ্রণেতারা। হাউজ অব কমন্সে এ সংক্রান্ত প্রস্তাবটি ৩৮৫-২৬ ভোটে গৃহীত হয়েছে।
ওদিকে, ফিলিস্তিনপন্থি সংগঠনটি এই সিদ্ধান্তকে ‘ক্ষমতার অপব্যবহার’ আখ্যা দিয়ে আদালতে এর বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক ইসরায়েলি স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিয়মিতই ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামক এই সংগঠনের নিশানা হয়। তাদের তালিকায় রয়েছে এলবিট সিস্টেমসের মতো ইসরায়েলি প্রতিরক্ষা সংস্থার নাম।
