জয় পাওয়া সবসময়ই চমৎকার: ট্রাম্প
হোয়াইট হাউজে বৈঠক করতে যাওয়ার আগে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে জয় উদযাপনকালে ট্রাম্প আনন্দ প্রকাশ করে একথা বলেন।
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটনে পৌঁছেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে বৈঠক করতে যাওয়ার আগে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে তিনি জয় উদযাপন করছেন। আনন্দ প্রকাশ করে ট্রাম্প বলেছেন, জয় পাওয়া চমৎকার। জয়ী হওয়া সবসময়ই চমৎকার ব্যাপার।
ট্রাম্প তার ফ্লোরিডার মার-আ-লোগোর বাড়ি থেকে ব্যক্তিগত বিমান ‘ট্রাম্প ফোর্স ওয়ান’-এ করে বুধবার ওয়াশিংটনে অ্যান্ডুজ বিমান ঘাঁটিতে পৌঁছান। এরপরই রিপাবলিকানদের সঙ্গে জয়ের আনন্দ ভাগাভাগি করতে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে যান।
এবার গত ৫ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানরা সেনেট দখল করেছে। পাশাপাশি প্রতিনিধি পরিষদও (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) নিয়ন্ত্রণে নেওয়ার দ্বারপ্রান্তে আছে দলটি।
ট্রাম্প নির্বাচনে তার নিজের জয় এবং কংগ্রেসের দুই কক্ষেই দলের জয়জয়কারের লক্ষণের আবহে আনন্দের অনুভূতি প্রকাশ করেছেন। রিপাবলিকান আইনপ্রণেতাদের উদ্দেশে তিনি বলেন, “জয় পাওয়া চমৎকার নয়কি? জয় পাওয়া চমৎকার। জয় পাওয়া সবসময়ই চমৎকার।”
নির্বাচনে ট্রাম্পের জয়ের পর শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য তাকে বিদায়ী প্রেসিডেন্টের আমন্ত্রণ এবং উভয়ের বৈঠক যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঐতিহ্য। সে ঐতিহ্য মেনেই ট্রাম্পের সঙ্গে বাইডেন বৈঠক করতে চলেছেন। গত জুনে বাইডেন নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর আগে ট্রাম্পের সঙ্গে তার নির্বাচনি বিতর্কে মুখোমুখি সাক্ষাতের পর এই প্রথম দুইজন আবার মুখোমুখি বৈঠকে বসছেন।
২০১৬ সালে ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পর তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার ৯০ মিনিটের বৈঠক হয়েছিল। কিন্তু বাইডেনের সঙ্গে ট্রাম্পের এবারের বৈঠক এত দীর্ঘ সময় হবে না বলেই মনে করা হচেছ।
বৈঠকে বাইডেন ইউক্রেইনের দিকে নতুন করে দৃষ্টি দিতে ট্রাম্পকে অনুরোধ জানাতে পারেন এবং দেশটিকে সামরিক সহায়তা দিয়ে যাওয়ার বিষয়ে ইঙ্গিতও দিতে পারেন বলে মনে করা হচ্ছে।
