থাই-কম্বোডিয়া সংঘাত তৃতীয় দিনে, থামাতে ‘ফোন করবেন’ ট্রাম্প
চলতি সপ্তাহে সংঘাত শুরু হওয়ার পর দুই পক্ষই এখন পর্যন্ত সীমান্ত এলাকাগুলো থেকে লাখো লোককে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়েছে।
বিরোধপূর্ণ সীমান্ত নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার সংঘাত তৃতীয় দিনে গড়িয়েছে; লড়াই এরই মধ্যে দুই দেশের অন্তত ১৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে, আহত ছাড়িয়েছে কয়েক ডজন।
এদিকে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, এশীয় দুই প্রতিবেশীর এই সংঘাত থামাতে তাদের নেতাদের সঙ্গে তিনি ফোনে কথা বলবেন। তার মধ্যস্থতাতেই জুলাইয়ে দুই দেশ ৫ দিনের লড়াই শেষে যুদ্ধবিরতিতে পৌঁছেছিল।
মঙ্গলবার থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি সীমান্ত সংঘাত নিয়ে কোনো আলোচনার সম্ভাবনা দেখছেন না এবং পরিস্থিতি তৃতীয় পক্ষের মধ্যস্থতার অবস্থায় নেই।
অন্যদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেটের এক শীর্ষ উপদেষ্টা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তার দেশ ‘যে কোনো সময় আলোচনার জন্য প্রস্তুত’।
পেনসিলভানিয়ায় মঙ্গলবার এক সমাবেশে ট্রাম্প ফের ভারত-পাকিস্তান, ইরান-ইসরায়েলসহ গত এক বছরে অনেকগুলো যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেন। আটকে যান থাইল্যান্ড-কম্বোডিয়া প্রসঙ্গে এসে।
“এটা বলতে খারাপ লাগছে, এই কম্বোডিয়া-থাইল্যান্ড, এটি শুরু হয়েছে আজ এবং আমি আগামীকাল ফোন করতে যাচ্ছি। কে বলতে পারে আমি হয়তো একটি ফোন করেই দুই শক্তিশালী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ থামিয়ে দিতে পারি,” বলেছেন তিনি।
ট্রাম্প এর আগেও দুই দেশের নেতাদের সঙ্গে কথা বলেছিলেন, তিনি জুলাইয়ের লড়াইয়ের পর হওয়া নাজুক যুদ্ধবিরতির কেন্দ্রীয় চরিত্রেও ছিলেন। ৫ মাসের আগের ওই যুদ্ধ ছিল দেশদুটির মধ্যে সাম্প্রতিক সময়ে হওয়া সবচেয়ে তীব্র সংঘাত, যা অন্তত ৪৮ জনের প্রাণ কেড়ে নিয়েছিল।
জুলাইয়ে ট্রাম্প বাণিজ্যকে হাতিয়ার বানিয়ে দুই দেশকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছেলেন। কিন্তু এবার থাই পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকেও রয়টার্সকে বলেছেন, তার দেশকে আলোচনায় বসাতে শুল্ক আরোপের হুমকি দেওয়া ঠিক হবে না বলেই তিনি মনে করেন।
অক্টোবরে ট্রাম্পের উপস্থিতিতে দুই পক্ষের শীর্ষ নেতাদের বৈঠকে উত্তেজনা কমিয়ে আনার অনেক পদক্ষেপের ব্যাপারে সমঝোতা হয়েছিল। মাইন বিস্ফোরণে এক থাই সেনা অঙ্গ হারানোর পর থাইল্যান্ড গত মাসে ওই সমঝোতায় দেওয়া অঙ্গীকার থেকে নিজেদের সরিয়ে নিলে ব্যাংকক-নম পেন উত্তেজনা ফের বাড়তে শুরু করে।
থাইল্যান্ডের অভিযোগ, ওই মাইন কম্বোডিয়া নতুন করে পেতেছে। কম্বোডিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।
চলতি সপ্তাহে সংঘাত শুরু হওয়ার পর দুই পক্ষই এখন পর্যন্ত সীমান্ত এলাকাগুলো থেকে লাখো লোককে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়েছে।
সোমবার থেকে মঙ্গলবার রাত পর্যন্ত থাইল্যান্ডের হামলায় অন্তত ৯ বেসামরিক নিহত ও ২০ জন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। থাই কর্মকর্তারা জানিয়েছেন, তাদের ৪ সেনা নিহত ও ৬৮ জন আহত হয়েছে।
থাইল্যান্ড এখন বলছে, তাদের লক্ষ্য হচ্ছে প্রতিবেশী দেশের ‘দাঁত ভেঙে দেওয়া’ যেন তারা আর হামলা চালাতে না পারে।
সোমবার দেশটির শীর্ষ এক জেনারেল বলেছেন, তার সেনাবাহিনীর লক্ষ্যই হচ্ছে ‘সামনের অনেক দিনের জন্য কম্বোডিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করে দেওয়া’।
মঙ্গলবার কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলে, প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া ছাড়া তাদের হাতে আর বিকল্প ছিল না। থাইল্যান্ড ‘বেসামরিক আবাসিক এলাকাগুলোতে নির্বিচারে ও নির্মম হামলা’ চালাচ্ছে বলেও অভিযোগ নম পেনের। ব্যাংকক এই ভাষ্য অস্বীকার করেছে।
