২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়াকে অস্ত্র দেবেন পুতিন, উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়াকে রাশিয়া অস্ত্র সরবরাহ করলে গোটা কোরীয় উপদ্বীপের স্থিতিশীলতা বিপন্ন হবে- বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার।

Published : 21 Jun 2024, 05:08 PM

Updated : 01 Sep 2026, 10:48 AM

এক নজরে

উত্তর কোরিয়াকে রাশিয়া অস্ত্র সরবরাহ করলে গোটা কোরীয় উপদ্বীপের স্থিতিশীলতা বিপন্ন হবে- বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার।

উত্তর কোরিয়াকে রাশিয়া অস্ত্র সরবরাহ করতে পারে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেইনকে পশ্চিমাদের অস্ত্র সরবরাহের জবাবে এমন পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানান তিনি। পুতিন এমন সম্ভাবনার কথা বলায় যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, “বিষয়টি চরম উদ্বেগজনক। এমন পদক্ষেপ নিলে গোটা কোরীয় উপদ্বীপের স্থিতিশীলতা বিপন্ন হবে। আর উত্তর কোরিয়া যে ধরনের অস্ত্র সরবরাহ করবে তাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনাও লঙ্ঘন হতে পারে। যে প্রস্তাবনা রাশিয়া খোদ সমর্থন করেছিল।”

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সদ্যই উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সফর করেছেন। পশ্চিমাবিশ্ব যেভাবে ইউক্রেইনকে রাশিয়ার বিরুদ্ধে লড়তে সহায়তা করছে, ঠিক সেই আঙ্গিকেই উত্তর কোরিয়াকে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে একটি চুক্তি সই করেছেন তিনি।

এ চুক্তির আওতায় আগ্রসনের মুখোমুখি হলে একে অপরকে রক্ষা করতে অবিলম্বে সামরিক সহায়তা নিয়ে এগিয়ে আসবে রাশিয়া ও উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার সঙ্গে এই চুক্তির পর বৃহস্পতিবার ভিয়েতনাম সফরে গিয়ে পুতিন আরও এক ধাপ এগিয়ে বলেন, রাশিয়া উত্তর কোরিয়াকে অস্ত্র সরবরাহ করতে পারে। তাছাড়া, দক্ষিণ কোরিয়া ইউক্রেইনকে অস্ত্র সরবরাহ করলে তা বিশাল ‘ভুল’ হবে এবং এর জন্য সিউলকে বেদনাদায়ক পরিণতি ভোগ করতে হবে বলেও তিনি সতর্ক করেছেন।

জাতিসংঘ নিষেধাজ্ঞা অমান্য করে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তার মধ্যেও রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্কে ঘনিষ্ঠতা পশ্চিমাদের উদ্বেগ আরও বাড়াচ্ছে।

রাশিয়া সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞার নজরদারির দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের মেয়াদ বাড়ানোর প্রস্তাবে ভিটো দিয়েছে।

মার্কিন কর্মকর্তাদের ধারণা, উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, সাঁজোয়া যান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ ও অন্যান্য আধুনিক প্রযুক্তি পেতে চায়।

যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেইন যুদ্ধে রাশিয়ার ঘাটতি মেটাতে উত্তর কোরিয়া এরই মধ্যে অনেক গোলাবারুদ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। অনেকদিন ধরে একঘরে হয়ে থাকা উত্তর কোরিয়া এর বিনিময়ে রাশিয়ার কাছ থেকেও সামরিক সরঞ্জাম পাওয়ার আশা করছে।

যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের এক এশিয়া বিশেষজ্ঞ ইভান মেডেইরস বলেছেন, “রাশিয়া উত্তর কোরিয়াকে অত্যাধুনিক সামরিক অস্ত্রশস্ত্র দিতে পারে, যা ওই অঞ্চলকে খুবই অস্থিতিশীল করে তুলতে পারে।

“তাছাড়া, রাশিয়ার এমন সমর্থন পেয়ে উত্তর কোরিয়ার আত্মবিশ্বাস বেড়ে গিয়ে দেশটি আরও বেশি সক্রিয় হয়ে উঠতে পারে।”