২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংহাই বিমানবন্দরে ভারতীয় তরুণী আটক নিয়ে ভারত-চীন বিবাদ

লন্ডন থেকে সাংহাই হয়ে জাপান যাচ্ছিলেন পেমা নামের এই তরুণী। লন্ডন থেকে সাংহাই পৌঁছে সেখান থেকে অন্য উড়োজাহাজে করে জাপানে পৌঁছোনোর কথা ছিল তার।

সাংহাই বিমানবন্দরে ভারতীয় তরুণী আটক নিয়ে ভারত-চীন বিবাদ
পেমা ওয়াংজম থংডকক। ছবি: এক্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2025, 08:13 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

যুক্তরাজ্যে বাস করা এক ভারতীয় নাগরিক পেমা ওয়াংজম থংডককে সাংহাই বিমানবন্দরে আটক করা নিয়ে কূটনৈতিক বিবাদে জড়িয়েছে ভারত ও চীন।

ভারতীয় ওই তরুণীর পাসপোর্টে জন্মস্থল হিসেবে লেখা ছিল অরুণাচল প্রদেশের নাম। গত ২১ নভেম্বর লন্ডন থেকে সাংহাই হয়ে জাপানে যাচ্ছিলেন তিনি।

লন্ডন থেকে সাংহাই পৌঁছে সেখান থেকে অন্য উড়োজাহাজে করে জাপানে পৌঁছোনোর কথা ছিল তার। কিন্তু সাংহাই বিমানবন্দরে তাকে আটকে দেন অভিবাসন কর্মকর্তারা।

পেমার অভিযোগ, অভিবাসন কর্মকর্তারা ‘অরুণাচল প্রদেশকে চীনের অংশ’ দাবি করে তার পাসপোর্ট অবৈধ ঘোষণা করেন। 

পেমাকে বলা হয়, অরুণাচল ভারতের অংশ নয়। তাই তার পাসপোর্ট অবৈধ। ভারতীয় পাসপোর্টে অরুণাচল প্রদেশ লেখা থাকার কারণেই তার পাসপোর্টটি অবৈধ বলা হয়।

‘চায়না ইস্টার্ন এয়ারলাইন’-এর একাধিক কর্মী তাকে দেখে ঠাট্টা করেন বলেও অভিযোগ করেছে পেমা। 

বিষয়টি নিয়ে টানাপড়েন চলে প্রায় ১৮ ঘণ্টা। জাপানে যাওয়ার জন্য উপযুক্ত ভিসা থাকার পরও তাকে আটকানো হয় বলে দাবি এই তরুণীর।

ঘটনাটিকে মানহানিকর আখ্যা দিয়েছেন পেমা। তিনি সাহায্যের জন্য সাংহাইয়ের ভারত ও চীনা দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করেন।

চীন বহুদিন ধরেই অরুণাচল প্রদেশকে জাংনান বা ‘তিব্বতের দক্ষিণাংশ’ বলে দাবি করে আসছে। তবে ভারত বারবারই চীনের এ দাবি প্রত্যাখ্যান করেছে।

মঙ্গলবার ভারত বলেছে, পেমা ওয়াংজম থংডককে আটকের বিরুদ্ধে তারা প্রতিদবাদ জানিয়েছে এবং অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ বলেও নিজেদের দাবি পুনর্ব্যক্ত করেছে। 

পেমা হেনস্তার স্বীকার হয়েছেন বলেও অভিযোগ করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়। একইদিনে প্রতিক্রিয়া জানিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়। 

তাদের মুখপাত্র মাও নিং জানান, ওই তরুণীকে কোনওরকম হেনস্তা করা হয়নি। সীমান্তকর্মীরা ‘আইন এবং বিধি’ মেনে কাজ করেছেন।

তারপরেই তিনি বলেন, “জাংনান (অরুণাচল) আমাদের দেশেরই অংশ। চীন কখনও ভারতের অবৈধ ভাবে দাবি করা অরুণাচল প্রদেশকে মানে না।”

ওদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের দাবি, চীন কর্তৃপক্ষ এখনও তাদের পদক্ষেপের ব্যাখ্যা দিতে পারেনি।

 তিনি বলেন,  “আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণ করা সব দেশের নাগরিকদের জন্য ২৪ ঘন্টা পর্যন্ত ভিসা মুক্ত ট্রানজিটের অনুমতি দেওয়া বাধ্যতামূলক।  চীন এ ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করেছে।’’

 পেমাকে পরে ভারতীয় দূতাবাস থেকে সাহায্য পান এবং গভীর রাতে সাংহাই থেকে গন্তব্যে রওনা দেন। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি দিয়েছেন পেমা। 

চিঠিতে তিনি লেখেন, “এ ঘটনা ভারতের সার্বভৌমত্ব এবং অরুণাচল প্রদেশের বাসিন্দাদের জন্য অপমানের।” বিষয়টি প্রশাসনের নজরে এনে যে সব কর্মকর্তা এর জন্য দায়ী তাদের শাস্তির দাবি করেছেন তিনি।

ঘটনাটি ভারত-চীন সীমান্ত উত্তেজনা এবং অরুণাচল প্রদেশ নিয়ে দুই দেশের অবস্থানগত বিরোধকে নতুন করে সামনে এনেছে।