২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন ক্ষেপণাস্ত্র তড়িঘড়ি মধ্যপ্রাচ্যে নেওয়ায় শঙ্কায় সিউল

জাপানের ইয়োকোসুকাতে থাকা দুটি মার্কিন যুদ্ধজাহাজকেও সরিয়ে আরব সাগরে নিয়ে যাওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন ক্ষেপণাস্ত্র তড়িঘড়ি মধ্যপ্রাচ্যে নেওয়ায় শঙ্কায় সিউল
২০১৭ সালে সেওংজুতে যাওয়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনা টার্মিনাল হাই-অলটিচুড এরিয়া ডিফেন্স (থাড)। ফাইল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2026, 05:48 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

প্রায় এক দশক আগেকার কথা, দক্ষিণ কোরিয়ার শান্ত এক গ্রাম সেওংজু রাতারাতি পরিণত হয়ে গিয়েছিল উত্তর কোরিয়ার হামলা মোকাবেলায় দেশের সক্ষমতা প্রদর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে।

বসন্তের এক সকালে ছদ্মবেশে ঢাকা ট্রাকে করে সেওংজুতে প্রবেশ করে যুক্তরাষ্ট্রের বানানো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনা টার্মিনাল হাই-অলটিচুড এরিয়া ডিফেন্স (থাড)। সেসময় স্থানীয়দের প্রতিবাদ উপেক্ষা করেছিল দক্ষিণ কোরিয়ার সরকার। স্থানীয়রা বলেছিল, এমন ক্ষেপণাস্ত্র মোতায়েন তাদেরকে উত্তর কোরিয়ার হামলার নিশানায় পরিণত করবে।   

সেসময় ওয়াশিংটন সমর্থিত সিউলের রক্ষণশীল সরকার জোর দিয়ে বলেছিল, দক্ষিণ কোরিয়া ও সেখানে থাকা সাড়ে ২৮ হাজার মার্কিন সেনাকে ঝুঁকিতে ফেলার আগেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করতে ও তা ধ্বংস করতে থাড রাখাই হচ্ছে সবচেয়ে কার্যকর উপায়। থাডের শক্তিশালী রেডারে নিজেদের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে পড়তে পারে শঙ্কায় সেওংজুতে ওই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মোতায়েন চীন ও রাশিয়াকেও ক্রুদ্ধ করেছিল।  

নয় বছর পর সেই চিত্রে বদল এসেছে; ইরান যুদ্ধে ব্যতিব্যস্ত যুক্তরাষ্ট্র এখন তড়িঘড়ি দক্ষিণ কোরিয়া থেকে ওই থাড ব্যবস্থাপনার কিছু অংশ এবং আরও কিছু সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়া শুরু করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।  

পেন্টাগন যে থাড ব্যবস্থাপনার অংশবিশেষ মধ্যপ্রাচ্যে সরিয়ে নিচ্ছে তা দুই কর্মকর্তার বরাত দিয়ে বলেছে মার্কিন এক সংবাদমাধ্যমও। 

ওয়াশিংটনের এ পদক্ষেপের পর দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা নিশ্চিতে ডনাল্ড ট্রাম্পের অঙ্গীকার নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে। পূর্ব এশিয়ায় জাপানের পর দক্ষিণ কোরিয়াই যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র। তা সত্ত্বেও দক্ষিণ কোরিয়া থেকেই থাড ব্যবস্থাপনা সরাতে হবে? এর ফলে পারমাণবিক অস্ত্রধর প্রতিবেশী উত্তর কোরিয়া সিউলের ওপর চাপ বাড়ানোর সুযোগ পাবে বলেও অনেকে মনে করছেন। 

সমালোচকরা এখন এ প্রশ্নও তুলছেন—দক্ষিণ কোরিয়া কেন এমন এক প্রতিরক্ষা ব্যবস্থাপনায় বিশাল রাজনৈতিক বিনিয়োগ করল, যা একদিন সরিয়ে নেওয়া হবে?

দেশটির উদারনৈতিক প্রেসিডেন্ট লি জে মিয়ং অবশ্য দেশের জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে সরিয়ে নিলেও সিউল উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলা করতে পারবে। 

মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি জানান, দক্ষিণ কোরিয়া তাদের ভূখণ্ড থেকে মার্কিন আর্টিলারি ব্যাটারি ও আকাশ প্রতিরক্ষা ইউনিট অন্যত্র মোতায়েনের বিরোধিতা করেছিল। 

“এ পদক্ষেপ কি উত্তর কোরিয়ার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ কৌশলের মারাত্মক ক্ষতি করবে, এমন প্রশ্নের জবাবে আমি নিশ্চিত করে বলতে পারি যে তা করবে না,” বলেছেন মিয়ং। 

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাজেট বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ এবং তা উত্তর কোরিয়ার মোট দেশজ উৎপাদনেরও ১ দশমিক ৪ গুণ বড়, বলেন এ প্রেসিডেন্ট। 

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন শুক্রবার বলেছেন, মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনাও সরিয়ে মধ্যপ্রাচ্যে মোতায়েনের সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর মধ্যে আলোচনা চলছে। 

কিছু ক্ষেপণাস্ত্র ব্যাটারি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে মোতায়েন করা হচ্ছে বলে অসমর্থিত খবরের বরাত দিয়ে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমগুলো। 

“অভিযানের নিরাপত্তাজনিত কারণে আমরা সুনির্দিষ্ট সামরিক সক্ষমতা বা সম্পদের স্থানান্তর সম্পর্কে মন্তব্য করি না,” বার্তা সংস্থা ইয়োনহাপকে এমনটাই বলেছেন কোরিয়ায় থাকা মার্কিন বাহিনীর এক কর্মকর্তা। 

অনেক বিশেষজ্ঞ বলছেন, উত্তর কোরিয়ার দিক থেকে নিরাপত্তা ঝুঁকি যদি নাও থাকে, মধ্যপ্রাচ্যে তড়িঘড়ি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সিউলকে যে বার্তা দিয়েছেন, তাও সুখকর নয়। 

ইরান যুদ্ধের মধ্যে ট্রাম্প যে এখন উত্তর-পূর্ব এশিয়ার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মোটেই ভাবছেন না দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাপনা দুর্বল করার ভেতর দিয়ে তাই বোঝা যাচ্ছে, বলছেন তারা। অথচ এই উত্তর-পূর্ব এশিয়াতেই পারমাণবিক অস্ত্র নিয়ে বসে আছে উত্তর কোরিয়া, তাইওয়ান উপকূলে সংঘাত বেঁধে যাওয়া নিয়ে উদ্বেগ রয়েছে জাপানসহ আরও অনেক মার্কিন মিত্রের। 

কেবল দক্ষিণ কোরিয়া নয়, ট্রাম্পের অগ্রাধিকার তালিকায় ইরান যুদ্ধ সবার ওপরে থাকার ধাক্কায় ভুগতে হচ্ছে জাপানকেও; টোকিওর দক্ষিণে ইয়োকোসুকাতে থাকা দুটি মার্কিন যুদ্ধজাহাজকে সরিয়ে আরব সাগরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। অথচ জাপানে ৫০ হাজারের মতো মার্কিন সেনা অবস্থান করে, যার অর্ধেকই আবার থাকে দক্ষিণের ওকিনাওয়া দ্বীপে।

উত্তর ও পূর্ব এশিয়ায় মার্কিন মিত্রদের নিরাপত্তাকে হুট করে এভাবে ঝুঁকির মুখে ফেলায় ইরান যুদ্ধে ট্রাম্প যে কোনো পরিকল্পনা ছাড়াই গেছেন— এমন প্রশ্নও বেশ জোরেশোরেই উঠছে।