২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন হামাস নেতা সিনওয়ারকে হত্যার অঙ্গীকার ইসরায়েলের

ইসরায়েলের হামলায় ক্ষতবিক্ষত গাজায় গত সপ্তাহে ইয়াহিয়া সিনওয়ারকে নতুন নেতা নির্বাচিত করেছে হামাসের সুরা কাউন্সিল।

বিডিনিউজ২৪

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2024, 07:08 PM

Updated : 26 Aug 2026, 10:12 AM

ইরানে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পর এবার তার উত্তসূরি ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করার অঙ্গীকার করেছে ইসরায়েল। 

ইসরায়েলের হামলায় ক্ষতবিক্ষত গাজায় গত সপ্তাহে ইয়াহিয়া সিনওয়ারকে নতুন নেতা নির্বাচিত করেছে হামাসের সুরা কাউন্সিল। গত বছর ৭ অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার হোতা মনে করা হয় তাকে।

গত সপ্তাহে হানিয়া হত্যাকাণ্ডের পর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এমন উত্তেজনার একটি সময়ে হামাস সিনওয়ারকে তাদের প্রধান নেতা হিসেবে নিয়োগ দিয়েছে।

মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আরব নিউজ জানায়, বুধবার একটি সামরিক ঘাঁটিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল আত্মরক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। সেনাবাহিনীতে নতুন নিয়োগ পাওয়া সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “আমরা নিজেদের আত্মরক্ষামূলক কিংবা আক্রমণাত্মক যে কোনওভাবেই রক্ষার জন্য প্রস্তুত।’

২০১৭ সাল থেকে গাজায় হামাসের কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বে ছিলেন সিনওয়ার। কিন্তু ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে তাকে আর দেখা যায়নি।

হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, হামাস প্রতিরোধ লড়াই চালিয়ে যাবে, সিনওয়ারকে সংগঠনের প্রধান করার মধ্য দিয়ে এ বার্তাই দেওয়া হয়েছে।

লেবাননে হামাসের মিত্র সশস্ত্র সংগঠন হিজবুল্লাহও সিনওয়ারের নিয়োগকে অভিনন্দন জানিয়েছে। হিজবুল্লাহ বলেছে, হামাসের নেতাকে হত্যা করে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে শত্রুরা।

ইসরায়েলি সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে, হামাসের হামলায় ১ হাজার ১৯৮ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ২৫১ জন জিম্মি হয়েছে। গাজায় ইসরায়েলের পাল্টা সামরিক অভিযানে অন্তত ৩৯ হাজার ৬৭৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।