১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হরমুজে প্রতিটি জাহাজে হামলার জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু উড়ানোর হুমকি ট্রাম্পের

ইরান হরমুজ প্রণালিতে কোনও জাহাজে হামলা করলেই এর জবাবে তাদের একটি করে বিদ্যুৎকেন্দ্র বা সেতু ধ্বংস করা হবে বলে ট্রুথ স্যোশালে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

হরমুজে প্রতিটি জাহাজে হামলার জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু উড়ানোর হুমকি ট্রাম্পের
ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2026, 08:11 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

হরমুজ প্রণালিতে চলাচল করা প্রতিটি বাণিজ্যিক জাহাজে যে কোনও হামলার জন্য ইরানের একটি করে সেতু ও বিদ্যুৎকেন্দ্র বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরানের রাজধানী তেহরান বা তার আশেপাশের সেতু ও বিদ্যুৎকেন্দ্রগুলোকে হামলার নিশানা করা হবে।

পোস্টে তিনি লেখেন, “এখন থেকে যখনই ইসলামিক রিপাবলিক অব ইরান হরমুজ প্রণালিতে কোনও জাহাজে হামলা করবে, সেটি ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন, অন্য কোনও ডিভাইস বা অস্ত্র হামলাই হোক না কেন; এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের একটি করে বিদ্যুৎকেন্দ্র বা সেতু বোমা মেরে ধ্বংস করে দেবে।”

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা ও টোল আদায়কে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা সাম্প্রতিক দিনগুলোতে চরম আকার ধারণ করেছে। 

ট্রাম্পের কাছ থেকে এই হুমকি আসার পাশাপাশি, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইরানের সামরিক স্থাপনায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে এবং তেহরানও পাল্টা হামলা অব্যাহত রেখেছে।

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে এখনও আলোচনায় ইচ্ছুক থাকার কথা বললেও বাস্তবে অগ্রগতির কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। মঙ্গলবার টানা ১১তম রাতের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

বুধবার ভোরে ইরানের রাজধানী তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে ইরানের আধা-সরকারি ফার্স বার্ত সংস্থা জানায়, রাজধানীতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

এছাড়া, ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র যেখানে অবস্থিত সেই বুশেহর প্রদেশের তিনটি স্থানে বুধবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে জানিয়েছেন এক কর্মকর্তা।