চীনা উপকূলরক্ষীদের সঙ্গে ফিলিপিনো সেনাদের ‘খালি হাতে লড়াই’
চীনা জাহাজ ফিলিপিন্সের নৌকাগুলোকে ধাক্কা দেওয়ার পর সেগুলোতে উঠে পড়ে উপকূলরক্ষীরা। তাদের সঙ্গে লড়াইয়ে এক ফিলিপিনো সেনার আঙুল খোয়া গেছে।
বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনা উপকূলরক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ফিলিপিন্সের নৌ সেনারা। তলোয়ার, বর্শা ও ছুরি হাতে চড়াও হওয়া চীনা উপকূলরক্ষীদের সঙ্গে ফিলিপিনো সেনারা ‘খালি হাতেই’ লড়াই করেছে। দেশটির শীর্ষ সামরিক কমান্ডার একথা জানিয়েছেন।
ফিলিপিন্সের জেনারেল রোমিও ব্রাউনার অভিযোগ করে বলেছেন, চীনা জাহাজ ফিলিপিন্সের নৌকাগুলোকে ধাক্কা দিয়েছে। তারপর সেগুলোতে উঠে পড়ে অস্ত্র দখল করে চীনা উপকূলরক্ষীরা।
তাদের সঙ্গে লড়াই করতে গিয়ে এক ফিলিপিনো সেনার বুড়ো আঙুল কেটে পড়ে গেছে বলে জানান ফিলিপিনো জেনারেল।
তবে চীন এ ঘটনায় তাদের উপকূলরক্ষীদের দোষ অস্বীকার করে বলেছে, তারা ‘সংযত’ ছিল।
বিবিসি জানায়, সেকেন্ড থমাস শোল দ্বীপে অবস্থান করা ফিলিপিনো সেনাদেরকে রসদ সরবরাহ করতে যাওয়ার সময় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। ফিলিপিন্সের নৌসেনা ও উপকূলরক্ষীরা সোমবার রসদ সরবরাহ করতে দ্বীপটিতে যাচ্ছিলেন।
ফিলিপিনো জেনারেল ব্রাউনার বলেন, সেনারা চীনা উপকূলরক্ষীদেরকে ছুরি, বর্শা এবং চাপাতি হাতে দেখার কথা জানিয়েছে। চীনাদেরকে দক্ষিণ চীন সাগর এলাকায় এমন অস্ত্র হাতে এবারই সেনারা প্রথম দেখল বলে জানান তিনি।
“আমরা ভিডিওতে দেখলাম, চীনারা এমনকী আমাদের সেনাদেরকে ছুরি উঁচিয়ে ধরে ভয় দেখিয়েছে”, বলেন ব্রাউনার।
চীনা উপকূলরক্ষীরা বেশ কিছু সংখ্যক বন্দুক জব্দ করেছে এবং মোটরসহ কিছু জিনিস ধ্বংস করেছে। তারা নৌকাগুলো বিকল করে দিয়েছে। এ ঘটনা ‘জলদস্যুতার সামিল’ বলেই মন্তব্য করেছেন ব্রাউনার।
সাংবাদিকদের তিনি বলেন, “আমাদের একান্ত অর্থনৈতিক এলাকার মধ্যকার কার্যক্রমে হস্তক্ষেপ করা কিংবা ফিলিপিনো জাহাজ ধ্বংস করার কোনও অধিকার কিংবা আইনি ক্ষমতা তাদের (চীনা উপকূলরক্ষী) নেই।”
তবে চীনের রাজধানী বেইজিং এমন অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের উপকূল কর্মকর্তাদের উদ্দেশ্য ছিল অবৈধ রসদ পরিবহন ঠেকানো। ফিলিপিনো সেনাদের বিরুদ্ধে সরাসরি কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র।
দক্ষিণ চীন সাগরে সীমানা নিয়ে সাম্প্রতিক সময়ে উত্তেজনা অনেক বেড়েছে। ওই সাগরাঞ্চলের সবচেয়ে বড় অংশের ওপর চীনের মালিকানা দাবিকে কেন্দ্র করে ভিয়েতনাম, ফিলিপিন্স, তাইওয়ান, মালয়েশিয়া এবং ব্রুনেইয়ের বিরোধ চলে আসছে।
সম্প্রতি কয়েকমাসে দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্স এবং চীনের উপকূলরক্ষীদের মধ্যে কয়েকদফায় বিপজ্জনক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর এবারের ঘটনায় সংঘাত আরও বাড়ছে বলেই প্রতীয়মান হচ্ছে।
চীন বরাবরই সেকেন্ড থমাস শোল দ্বীপে ফিলিপিনো সেনাদের রসদ সরবরাহের কাজে বাধা দেওয়ার চেষ্টা চালিয়ে এসেছে।
দ্বীপটিতে ফিলিপিন্স নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে কিছু নৌ সেনা রেখেছে, যাদেরকে নিয়মিত রেশন সরবরাহ করতে হয়।
বিশ্লেষকরা বলছেন, ফিলিপিনো ওই সেনাদের রেশন সরবরাহে বাধা দিলে সাগর এলাকায় তাদের আগল ভেঙে পড়বে। আর চীন তখন পুরো এলাকার নিয়ন্ত্রণ করায়ত্ব করতে পারবে।
