১৯৮৮ সালের স্মৃতি ফেরাল আহমেদাবাদের উড়োজাহাজ দুর্ঘটনা
গুজরাটের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ দুর্ঘটনা ফিরিয়ে এনেছে এইক শহরে ৩৭ বছর আগে ঘটে যাওয়া আরেক ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার স্মৃতি।
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ থেকে ২৪২ আরোহী-সহ লন্ডনের উদ্দেশে যাত্রা করার পরপরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ। কর্মকর্তারা বলছেন, আরোহীদের কেউই বেঁচে নেই।
উড়োজাহাজটি লোকালয়ে আছড়ে পড়ায় হতাহতের সঠিক সংখ্যা কত বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট হয়নি।
বৃহস্পতিবারের এই ভয়াবহ দুর্ঘটনা ভারতের ইতিহাসে ৩৭ বছর আগে এই আহমেদাবাদেই একইরকম আরেকটি ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার স্মৃতি সামনে এনেছে।
মনে করিয়ে দিয়েছে ১৯৮৮ সালের সেই মর্মান্তিক ঘটনার কথা, যখন ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট আইসি-১১৩ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১৩৩ জন। উড়োজাহাজে ছিলেন ১২৯ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য।
বিমান সংস্থার তথ্য অনুযায়ী, উড়োজাহাজে অনেক বিদেশি যাত্রী ছিলেন। তৎকালীন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী শিবরাজ পাটিল ঘোষণা করেছিলেন, নিহত প্রত্যেক যাত্রীর পরিজনকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে।
যেভাবে ঘটেছিল দুর্ঘটনা:
ওইদিনের ফ্লাইটটির নির্ধারিত উড্ডয়নসূচি ছিল ভোর ৫টা ৪৫ মিনিটে বোম্বে (বর্তমানে মুম্বাই) থেকে ছেড়ে যাওয়া। কিন্তু একজন যাত্রী না আসায় তা ২০ মিনিট দেরিতে, অর্থাৎ সকাল ৬টা ৫ মিনিটে রওনা দেয়।
সকাল ৬টা ২০ মিনিটে উড়োজাহাজটি আহমেদাবাদ অ্যাপ্রোচ কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে। সে সময় দৃশ্যমানতা ছিল ৬ কিলোমিটার, যা মাত্র পাঁচ মিনিটের মধ্যে ৩ কিলোমিটারে নেমে আসে।
উড়োজাহাজের পাইলট ছিলেন ক্যাপ্টেন ও.এম. দালয়া এবং সহ-চালক ক্যাপ্টেন নাগপাল। তারা আহমেদাবাদ কন্ট্রোল টাওয়ারের সঙ্গে দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগেও যোগাযোগে ছিলেন।
কন্ট্রোল টাওয়ার থেকে পাইলটকে সতর্ক করা হয়েছিল কুয়াশা এবং রানওয়ের কাছে উঁচু চিমনির কারণে তৈরি ধোঁয়ার বিষয়ে। টাওয়ার থেকে বলা হয়েছিল, উড়োজাহাজটি আহমেদাবাদ ভিওআর (ভিএইচএফ ওমনিডাইরেকশনাল রেঞ্জ) অতিক্রম করে ১,৭০০ ফুট উচ্চতায় পৌঁছালে যেন তারা তা জানায়।
ক্যাপ্টেন রানওয়ে ধরেই নামার চেষ্টা করেন, কিন্তু কুয়াশার কারণে তিনি প্রায় একটি জলাধারের উপর নামিয়ে ফেলছিলেন উড়োজাহাজটি। বিষয়টি বুঝতে পেরে তিনি উড়োজাহাজকে আবার ওপরে তুলতে চাইলেও তখন আর সময় ছিল না।
দুর্ঘটনার একটি বড় কারণ ছিল—পাইলট ও সহ-পাইলট কারও কাছেই রানওয়েতে নামার সঠিক অনুমতি বা ক্লিয়ারেন্স না থাকা। ব্ল্যাকবক্স থেকে উদ্ধার হওয়া ককপিট ভয়েস রেকর্ডারে দেখা যায়, দুই পাইলটই শুধু রানওয়ে খুঁজতে ব্যস্ত ছিলেন, ফলে বিমানটির উচ্চতা খেয়াল করা হয়নি।
বিশেষজ্ঞদের মতে, খারাপ আবহাওয়া, ভুল অনুমান এবং ক্লিয়ারেন্স না নেওয়ার ফলেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল।
দিনটি ছিল ১৯ অক্টোবর। ইন্ডিয়ান এয়ারলাইন্স ফ্লাইট আইসি-১১৩ আহমেদাবাদে অবতরণের সময় বিধ্বস্ত হয়। উড়োজাহাজের ১৩৫ আরোহীর মধ্যে নিহত হন ১৩৩ জন।
আহমেদাবাদের ইতিহাসে সেটি ছিল সবচেয়ে বড় উড়োজাহাজ দুর্ঘটনা। এবারে আহমেদাবাদের দুর্ঘটনায় আরও অনেক বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার এআই১৭১ উড়োজাহাজটি আহমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে বেলা ১টা ৩৮ মিনিটে উড়েছিল। গন্তব্য ছিল লন্ডন গ্যাটউইক বিমানবন্দর।
কিন্তু ওড়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই উড়োজাহাজ ভেঙে পড়ে। কাছের বিজে মেডিক্যাল কলেজ হাসপাতালের হোস্টেল ভবনের গায়ে ধাক্কা খায় উড়োজাহাজটি। যে হোস্টেলে বিমানটি ধাক্কা খেয়েছে, সেখানেও বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে।
