২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ব্রাজিলে ভোটের আগে অনলাইন জুয়া নিষিদ্ধ করলেন লুলা

জুয়ার বিস্তারকে সমাজের ‘ক্যান্সার’ বলছেন প্রেসিডেন্ট লুলা।

ব্রাজিলে ভোটের আগে অনলাইন জুয়া নিষিদ্ধ করলেন লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা।ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Sep 2026, 12:26 PM

Updated : 26 Sep 2026, 12:26 PM

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণের সপ্তাহখানেক আগে দেশজুড়ে সব ধরনের অনলাইন বাজি ও ক্যাসিনো নিষিদ্ধ করেছেন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

পুনর্নির্বাচনের লড়াইয়ে থাকা ৮০ বছর বয়সি সিলভা শুক্রবার একটি অস্থায়ী আদেশে সই করেন।

বিবিসি লিখেছে, ব্রাজিলে ক্যাসিনো, স্লট মেশিনের মতো প্রথাগত জুয়ার বেশিরভাগ অবৈধ হলেও ২০১৮ সালে অনলাইন বাজিকে বৈধ করা হয়। এরপর থেকে এটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তাতে বহু পরিবারের আর্থিক ক্ষতির পাশাপাশি মানুষ ব্যাপকভাবে জুয়ায় আসক্ত হয়ে পড়ছে বলে অভিযোগ ওঠে।

এ শিল্পকে ‘ক্যান্সার’বর্ণনা দিয়ে এক ঘোষণায় লুলা বলেন, “হয় আমাদের এই টিউমার উপড়ে ফেলতে হবে, না হয় এটিই আমাদের মেরে ফেলবে।”

লুলা এক্স পোস্টে লেখেন, সাবেক প্রেসিডেন্ট মিশেল তেমেরের আমলে অনলাইন বাজি বৈধ করা হয়েছিল। তবে পরবর্তীতে বলসোনারোর সরকারের চরম শিথিলতার সুযোগে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

শিশু ও কিশোরদের এই বাজি থেকে দূরে রাখতেও কোনো বিধিনিষেধ ছিল না বলে মন্তব্য করেন তিনি।

লুলা লিখেছেন, “অনলাইন বাজি পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে ব্রাজিলের পরিবারগুলোর আয় ও জীবন ধ্বংস করে মুনাফা লুটতে দেওয়া হবে না।”

জুয়ার আসক্তিতে সর্বস্ব হারিয়েছে—এমন বহু পরিবারের কথা শুনেছেন বলেও জানান তিনি।

অনলাইন বাজি নিষিদ্ধের পাশাপাশি ফিক্সড-অডস বেটিং বা নির্দিষ্ট হারের বাজি সংক্রান্ত অপরাধের কঠোর শাস্তির বিধান রেখে আরেকটি বিলে সই করেছেন ব্রাজিলীয় প্রেসিডেন্ট।

চলতি সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও এই খাতের সমালোচনা করে লুলা অভিযোগ করেন, এটি মানুষের আসক্তিকে কেবল মুনাফায় রূপান্তর করছে।

তবে লুলার এই পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর ছেলে ও এবারের নির্বাচনে লুলার প্রধান প্রতিদ্বন্দ্বী ফ্ল্যাভিও বলসোনারো।

রিও ডি জেনিরোতে এক নির্বাচনি প্রচার সভায় তিনি লুলার সিদ্ধান্তকে ‘জনতুষ্টিবাদী, ভণ্ডামি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে বর্ণনা করেন।

চতুর্থ মেয়াদে ব্রাজিলের ক্ষমতায় আসার লড়াইয়ে নামা লুলার সঙ্গে ফ্ল্যাভিও বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে সাম্প্রতিক জনমত জরিপগুলোতে।

বিবিসি লিখেছে, লুলার জারি করা আদেশটিকে স্থায়ী রূপ দিতে আগামী ১২০ দিনের মধ্যে তা ব্রাজিলের কংগ্রেসের অনুমোদন পেতে হবে।

এদিকে অ্যাটলাস ও ব্লুমবার্গের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ব্রাজিলের প্রায় ৫৯ দশমিক ৯ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিকই ইন্টারনেটে অনলাইন জুয়া নিষিদ্ধ করার এ সিদ্ধান্তকে সমর্থন করছেন।