রুশ প্রমোদতরী জব্দ করবে না দক্ষিণ আফ্রিকা
পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা একজন রুশ ধনকুবেরের বিলাসবহুল প্রমোদতরীকে কেপ টাউনে নোঙর করার অনুমতি দেবে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।
পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা একজন রুশ ধনকুবেরের বিলাসবহুল প্রমোদতরী জব্দ করতে অস্বীকৃতি জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটি এই প্রমোদতরীকে কেপ টাউনে নোঙর করার অনুমতি দেবে বলে জানিয়েছে।
বিবিসি জানায়, ৫২ কোটি ১০ লাখ ডলার দামের ওই প্রমোদতরীর মালিক অ্যালেক্সি মোর্দাশভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র। এ সপ্তাহের শুরুর দিকে তার প্রমোদতরীটি হংকং থেকে ছেড়ে যায়।
দক্ষিণ আফ্রিকার বিরোধীদলীয় নেতারা ‘দ্য নর্ড নামের ৪৬৫ ফুট দীর্ঘ এই প্রমোদতরী জব্দ করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন।কিন্তু প্রেসিডেন্ট সিরিল রামাফোসার মুখপাত্র ভিনসেন্ট ম্যাগওয়েনিয়া বলেছেন, তিনি পশ্চিমা নিষেধাজ্ঞা মেনে চলার ‘কোনও কারণ’ দেখছেন না।
মঙ্গলবার প্রিটোরিয়ায় সাংবাদিকদেরকে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরোপিত নিষেধাজ্ঞা মেনে চলার কোনও আইনি বাধ্যবাধকতা দক্ষিণ আফ্রিকার নেই।”
“নিষেধাজ্ঞার বিষয়ে দক্ষিণ আফ্রিকার বাধ্যবাধকতা কেবল যাদের ওপর বিশেষত জাতিসংঘ এই পদক্ষেপ নেয় তাদের ক্ষেত্রে প্রযোজ্য। আর যে রুশ ধনকুবেরের প্রমোদতরীর কথা বলা হচ্ছে, তার বিরুদ্ধে জাতিসংঘের কোনও নিষেধাজ্ঞা আরোপ করা নেই,” বলেন ম্যাগওয়েনিয়া।
ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের জেরে পশ্চিমা বিশ্ব ও এর মিত্রদেশগুলো ১ হাজারেরও বেশি রুশ ব্যক্তিবর্গ এবং ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
আফ্রিকার অনেক দেশের মতো দক্ষিণ আফ্রিকার রামাফোসা সরকারও এ পর্যন্ত সরাসরি রাশিয়ার সমালোচনা করেনি। যুদ্ধের নিন্দা জানিয়ে জাতিসংঘে কয়েকটি ভোটাভুটিতেও দেশটি ভোটদানে বিরত থেকেছে।
