সিঙ্গাপুর প্রণালীতে ৩ বাল্ক ক্যারিয়ারে ডাকাতি
জানুয়ারির শেষ দিক থেকে ভারত হয়ে ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া পর্যন্ত বিস্তৃত জলপথে ৫০টি ডাকাতির ঘটনা ঘটেছে।
চলতি সপ্তাহের প্রথমদিকে সিঙ্গাপুর প্রণালীতে তিনটি বাল্ক ক্যারিয়ারে ডাকাতি হয়েছে বলে সিঙ্গাপুর ভিত্তিক একটি সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে।
কয়েক বছর ধরে বিশ্বের অন্যতম ব্যস্ত এ জলপথে জলদস্যুতার ঘটনা বেড়ে চলেছে।
সিঙ্গাপুরের নৌবাহিনীর উদ্যোগে প্রতিষ্ঠিত ইনফরমেশন ফিউশন সেন্টার শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ৮-৯ অগাস্ট সিঙ্গাপুর প্রণালীর ফিলিপ চ্যানেলে ডাকাতির এ ঘটনাগুলো ঘটেছে।
ডাকাতদের কবলে পড়া জাহাজগুলোর মধ্যে একটি সাইপ্রাসের পতাকাবাহী ও অপর দুটি লাইবেরিয়ার পতাকাবাহী।
কেন্দ্রটি জানিয়েছে, ২৩ জানুয়ারি থেকে ভারত হয়ে ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া পর্যন্ত বিস্তৃত জলপথে এ ধরনের ৫০টি ডাকাতির ঘটনা ঘটেছে।
এ জলপথে চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে তারা, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিবৃতিতে ইনফরমেশন ফিউশন সেন্টার বলেছে, “যে জাহাজগুলো ডাকাতির শিকার হয়েছে সেগুলোর বেশিরভাগই বাল্ক ক্যারিয়ার। তারপর আছে টাগবোট ও বার্জ। যে জাহাজগুলোর ডেক পানি থেকে কম উচ্চতায় ছিল এবং যেগুলো কম গতিতে চলছিল সেগুলোই ডাকাতদের কবলে পড়েছে বেশি। রাতের আধাঁরেই ঘটনাগুলো ঘটেছে।”
নৈকট্য, সময়ের ব্যবধান ও জড়িত লোকের সংখ্যার ওপর ভিত্তি করে কেন্দ্রটি জানিয়েছে, সম্ভবত একই অপরাধীরা সবগুলো ডাকাতির ঘটনা ঘটিয়েছে।
