Published : 01 May 2026, 01:39 PM
গাজামুখী ত্রাণবাহী নৌযানের বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে তিন সাংবাদিককে অপহরণের ঘটনায় নিন্দা জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স।
ইসরায়েলি সেনারা বুধবার রাতে আন্তর্জাতিক জলসীমায় ওই বহরের নৌকাগুলোকে থামায় ও সেখান থেকে দুই শতাধিক মানবাধিকারকর্মীকে আটক করে।
রিপোর্টার্স উইদাউট বর্ডার্স তাদের ফরাসী নামের আদ্যক্ষরে আরএসএফ নামেই বিশ্বজুড়ে বেশি পরিচিত।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সংগঠনটি আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি সেনাদের হাতে আল জাজিরার এক সাংবাদিক ও ক্যামেরাম্যান এবং মার্কিন সংবাদমাধ্যম জিটিও-র সংবাদিক অ্যালেক্স কলস্টনের অপহৃত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানায়।
আল জাজিরাও তাদের সাংবাদিকদের ‘নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। ইসরায়েল যে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক আইন ও রীতিনীতি ভেঙে যাচ্ছে, তার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ অবস্থান নিতেও আহ্বান জানায় তারা।
বিবৃতিতে সংবাদমাধ্যমটি বলেছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের।
“আল জাজিরা সংবাদপত্রের স্বাধীনতার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে এবং সব সাংবাদিকের সুরক্ষা এবং তাদের বিনা বাধায় স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার আহ্বান জানাচ্ছে,” বিবৃতিতে এমনটাই বলেছে তারা।
ত্রাণবাহী ফ্লোটিলার আয়োজকরা বলছেন, ইসরায়েল বুধবার ফিলিস্তিনি উপকূলরেখা থেকে কয়েকশ মাইল দূরে গ্রিসের পেলোপনিস উপদ্বীপের কাছে আন্তর্জাতিক জলসীমা থেকে তাদের বহরের ৫৮টি নৌযানের মধ্যে ২২টিকে আটকায়।
এসব নৌযানে থাকা ২১১ জনকেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
ইসরায়েল বলছে, তারা এ আটকদেরকে গ্রিসে পাঠিয়ে দিচ্ছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ‘নিজেদের নয় এমন জলসীমায় বেসামরিক নৌ বহরে হামলা চালিয়ে ফের একবার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে’ ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। তিনি ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বানও জানান।
গত বছরের অক্টোবরেও প্রায় একই ধরনের ঘটনায় ইসরায়েল একই ত্রাণবাহী বহরের প্রায় ৪০টি নৌকাকে জব্দ করে এবং সেসব নৌকা থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইনপ্রণেতা রিমা হাসান, পরিবেশকর্মী গ্রেটা থ্যুনবার্গ, নেলসন ম্যান্ডেলার নাতিসহ সাড়ে চারশ’র বেশি লোককে আটক করে।
ছেড়ে দেওয়ার আগে তাদের ওপর শারীরিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনও চালানো হয় বলে পরে একাধিক অধিকারকর্মী অভিযোগ আনেন।
ইসরায়েল যদিও এসব অভিযোগকে ‘ভুয়া খবর’ অভিহিত করে উড়িয়ে দিয়েছে।
লিংক-
গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার চেষ্টা করা একাধিক নৌযানে হানা ইসরায়েলি