স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফের পদত্যাগ
বছর ঘুরতেই জোট সরকারে বিশৃঙ্খলার মধ্যে পদত্যাগ করলেন স্কটল্যান্ডের প্রথম মুসলিম এই ফার্স্ট মিনিস্টার।
দায়িত্ব নেওয়ার মাত্র একবছর একমাসের মাথায় পদত্যাগ করলেন স্কটল্যান্ডের মুসলিম ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফ। গ্রিন পার্টির সঙ্গে হামজার স্কটিশ ন্যাশনাল পার্টির জোটে ভাঙনের জেরে এক সপ্তাহের বিশৃঙ্খল অবস্থার পর তিনি পদত্যাগ করলেন।
স্কটিশ গ্রিন পার্টির সঙ্গে জোটবদ্ধ হয়ে স্কটল্যান্ডে সরকার গঠন করেছিল হামজা ইউসুফের দল স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি)। কিন্তু ইউসুফ হঠাৎ করেই গ্রিন পার্টির সঙ্গে ক্ষমতা ভাগাভাগি-চুক্তি অবসান করেন।
জলবায়ু পরিবর্তন রোধের লক্ষ্যমাত্রা নিয়ে বিরোধের পর হামজা এ পদক্ষেপ নেন। এছাড়াও হামজা অনাস্থা ভোটে সমর্থন জোগাড় করতে ব্যর্থ হন, যে ভোট এ সপ্তাহেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
দুটি অনাস্থা ভোটের ডাক দিয়েছিল বিরোধীরা। এ ভোটের মুখোমুখি হওয়ার চেয়ে পদত্যাগের সিদ্ধান্তই নিলেন ইউসুফ। তবে নতুন কেউ ফার্স্ট মিনিস্টার হওয়ার আগ পর্যন্ত তিনি স্বপদে বহাল থাকবেন বলেও জানিয়েছেন।
স্কটল্যান্ডের ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা নির্বাচিত হয়েছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ। তৎকালীন ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেনের পদত্যাগের পর ইউসুফ গতবছর ২৯ মার্চ প্রথম মুসলিম হিসেবে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নির্বাচিত হন।
