কানাডায় ছুরি হামলা: গ্রেপ্তারের পর সন্দেহভাজন হামলাকারীর মৃত্যু
গ্রেপ্তারের পর স্যান্ডারসন ‘অসুস্থ হয়ে পড়লে’ তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তার মৃত্যু হয় বলে পুলিশের ভাষ্য।
কানাডার সাসকাচুয়ান প্রদেশে ছুরি নিয়ে হামলা চালিয়ে ১০ জনকে হত্যা, ১৮ জনকে আহত করার ঘটনার এক সন্দেহভাজন পুলিশের হাতে ধরা পড়ার পর হাসপাতালে মারা গেছেন।
কানাডীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার বিকালে সাসকাচুয়ান প্রদেশেরই রসটার্ন শহরে গাড়ি নিয়ে ধাওয়া করে মাইলস স্যান্ডারসন নামের ৩২ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
সহকারী পুলিশ কমিশনার রন্ডা ব্ল্যাকমোর রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, স্যান্ডারসন এক বাড়ির বাইরে থেকে একটি গাড়ি চুরি করেছেন বলে খবর পেয়েছিলেন তারা। ওই গাড়ি নিয়ে ঘণ্টায় দেড়শ কিলোমিটার গতি তুলে পালানোর চেষ্টা করছিলেন স্যান্ডারসন।
পুলিশ তখন ধাওয়া করে রসটার্ন শহরের কাছে তাকে ধরে ফেলে এবং সেই এসইউভির ভেতরে একটি ছুরি পাওয়া যায়।
গ্রেপ্তারের পরপরই স্যান্ডারসন ‘অসুস্থ হয়ে পড়লে’ তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তার মৃত্যু হয় বলে পুলিশ কর্মকর্তা ব্ল্যাকমোর জানান।
বিবিসি লিখেছে, গ্রেপ্তারের সময় তোলা ছবিতে স্যান্ডারসনকে দাঁড়ানো অবস্থাতেই দেখা গিয়েছিল। কেন তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, এসব প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর পুলিশের সংবাদ সম্মেলনে দেওয়া হয়নি।
আদিবাসী অধ্যুষিত জনবিরল সাসকাচুয়ান প্রদেশের ১৩টি এলাকায় রোববার ভোরে ছুরি নিয়ে ওই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে দশজন এখনও হাসপাতালে রয়েছেন, তাদের তিনজনের অবস্থা গুরুতর।
পুলিশ বলছে, মাইলস স্যান্ডারসনের ভাই ডেমিয়েন স্যান্ডারসনও হামলায় জড়িত ছিলেন। সোমবার জেমস স্মিথ ক্রি নেশন এলাকা থেকে ডেমিয়েনের লাশ উদ্ধার করা হয়। তিনি তার ভাইয়ের হাতেই খুন হয়েছেন কি না, পুলিশ তা তদন্ত করে দেখছে।
এ দুই ভাইয়ের বাবা-মা বুধবার মাইলস স্যান্ডারসনকে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার আবেদন জানান। তাদের মা সিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমার ছেলের জন্য, আমার ছেলেদের জন্য আমি ক্ষমা চাইছি।
“আমরা পুরো ঘটনাটি জানি না, তবে যারা এই ভয়ানক পরিস্থিতির শিকার ও আহত হয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমি ক্ষমা চাই।”
বিবিসি লিখেছে, সাসকাচুয়ানের ওই হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল, সে ব্যাপারে পুলিশ এখনও কিছু জানায়নি।
প্রাদেশিক সরকারের প্রধান স্কট মো পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, “যারা এই বিপজ্জনক অপরাধীকে খুঁজে গ্রেপ্তার করতে দিনরাত কাজ করেছেন, তাদের সকলের প্রতি আমরা ঋণী।”
সন্দেহভাজন হামলাকারী মাইলস স্যান্ডারসনের বিরুদ্ধে এর আগে বেশ কয়েকটি সহিংসতার অভিযোগ ছিল। সেসব অপরাধে তিনি চার বছরের সাজাও ভোগ করেছেন।
কানাডার প্যারোল বোর্ড জানিয়েছে, মাইলস স্যান্ডারসনকে কেন জেল থেকে তাড়াতাড়ি মুক্তি দেওয়া হয়েছিল তা পর্যালোচনা করবে তারা।
গত ফেব্রুয়ারিতে বোর্ড বলেছিল, মাইলস স্যান্ডারসনকে নিয়ে আর ‘ঝুঁকি নেই’। পুনর্বাসন সুবিধার মাধ্যমে তাকে মুক্তি দেওয়া যায়।
বিবিসি জানিয়েছে, মাইলস স্যান্ডারসন প্রবেশন কর্মকর্তার সঙ্গে নিয়মিত দেখা করা বন্ধ করে দিয়েছিলেন। সে কারণে গত মে মাসে পুলিশ তাকে খুঁজতে শুরু করে।
নথিপত্রে দেখা যায়, ১৮ বছর বয়স থেকে ৫৯টি অপরাধে জড়িত হওয়ার অভিযোগ রয়েছে মাইলস স্যান্ডারসনের বিরুদ্ধে, যার মধ্যে হামলা, হুমকি এবং ডাকাতির ঘটনাও রয়েছে।
রোববারের হামলায় আর্ল বার্নস ও জয়েস বার্নস নামে যে দুজন মারা গেছেন, সাত বছর আগেও তাদের ছুরি মেরেছিলেন স্যান্ডারসন। আর্ল বার্নসকে আক্রমণ ও হুমকি দেওয়ার জন্য ২০১৫ সালে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।
কানাডার জননিরাপত্তা মন্ত্রী মার্কো মেনডিসিনো সাংবাদিকদের বলেছেন, “আমি ওই (প্যারোল) সিদ্ধান্তের পেছনের কারণ জানতে চাই। এখানে যা ঘটেছে, তাতে আমি অত্যন্ত উদ্বিগ্ন।”
সাসকাচুয়ানের জেমস স্মিথ ক্রি নেশন আদিবাসী অধ্যুষিত এলাকা। সেখানে প্রায় ৩ হাজার ৪০০ মানুষের বসবাস, যাদের অধিকাংশই কৃষি, শিকার ও মাছ ধরার পেশায় নিয়োজিত।
স্থানীয় সময় রোববার ভোর ৫টা ৪০ মিনিটে প্রথম ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে ওয়েলডন গ্রামে, প্রায় ২০০ মানুষ থাকেন সেখানে।
এর তিন ঘণ্টার মধ্যে পুলিশ প্রদেশজুড়ে ‘বিপজ্জনক ব্যক্তির ঘোরাফেরার’ সতর্কতা জারি করে। বিকালের মধ্যে প্রতিবেশী আলবার্টা ও ম্যানিটোবা প্রদেশেও একই ধরনের সতর্কতা জারি করা হয়।
কানাডার ৩ কোটি ৮০ লাখ জনসংখ্যার মধ্যে আদিবাসীর সংখ্যা ৫ শতাংশেরও কম। তাদের অধিকাংশই অন্য কানাডীয়দের তুলনায় দরিদ্র, তাদের মধ্যে বেকারত্বও বেশি।
হামলার ওই ঘটনায় বুধবার এক সংবাদ সম্মেলন করে নিহতদের স্বজনেরা তাদের ‘ভয়ঙ্কর’ পরিস্থিতির কথা তুলে ধরেছেন।
সাসকাচুয়ান আদিবাসী কাউন্সিলের প্রধান এবং হামলায় নিহত বনি গুডভয়েস-বার্নসের ভাই মার্ক আর্কান্ড বলেছেন, “আমরা ভেঙে পড়েছি, কিন্তু পরাজিত হইনি।”
৪৮ বছর বয়সী নারী বনি এবং তার ২৮ বছর বয়সী ছেলে গ্রেগরি বার্নস দুজনেই এ ছুরি হামলায় নিহত হয়েছেন।
মার্ক আর্কান্ড বলেন, বনি সকলের যত্ন নিতেন। মা হিসাবে তিনি ছিলেন পরিবার প্রধান। গ্রেগরিও তার পরিবারকে ভালোবাসতেন। তার স্ত্রীর গর্ভের অনাগত এক সন্তান ছাড়াও আরও দুটি সন্তান রয়েছে তাদের।
আক্রমণের খবর শুনেই মনে বিশাল ধাক্কা খাওয়ার কথা স্মরণ করে আর্কান্ড বলেন, জেমস স্মিথ ক্রি নেশনে দুই ঘণ্টা গাড়ি চালিয়ে বোন ও তার পরিবারের কাছে তিনি ছুটে যান। শেষ পর্যন্ত দেখতে পান তাদের লাশ।
আদিবাসী কাউন্সিলের প্রধান আর্কান্ডের ভাষ্য, বনি একজন ‘হিরো’ ছিলেন। তিনি তার ছেলেকে রক্ষা করতে গিয়ে মারা গেছেন।
“এক শিশুকে ছুরিকাঘাত করা হলেও সে বেঁচে যায়। অল্পবয়সী দুটি ছেলে ঘটনাস্থলে সাহায্য করতে না পেরে চিৎকার করছিল। একটি ছেলে উঁচু চেয়ারের পেছনে লুকিয়ে পুরো ঘটনা দেখছিল।”
