আফগানিস্তানে নিষিদ্ধ হল মিক্সড মার্শাল আর্ট
আফগানিস্তানে ‘পূণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ বিষয়ক’ মন্ত্রণালয়ের নৈতিকতা পুলিশ খেলাটি অনৈসলামিক আখ্যা দিয়ে এটি নিষিদ্ধের নির্দেশ দিয়েছে।
মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) অনৈসলামিক আখ্যা দিয়ে এটি নিষিদ্ধ করেছে আফগানিস্তানের তালেবান সরকার।
তালেবানের ক্রীড়া কর্তৃপক্ষের এক কর্মকর্তা মঙ্গলবার স্থানীয় সম্প্রচারমাধ্যম টোলো নিউজ-কে বলেন, এমএমএ খুবই সহিংস এবং এতে মৃত্যু ঝুঁকি আছে।
আফগানিস্তানে ‘পূণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ বিষয়ক’ মন্ত্রণালয়ের নৈতিকতা পুলিশ এমএমএ নিষিদ্ধের নির্দেশ দিয়েছে।
এই খেলাটি ইসলাম কিংবা শরিয়া আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা তা যাচাই-বাছাই করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তালেবানের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ক জেনারেল ডিরেক্টরেট এক বিবৃতিতে বলেছে, ‘খেলাটি শরিয়া আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং ইসলামের শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এটি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বিবিসি জানায়, এমএমএ আফগানিস্তানের তরুণদের মধ্যে একটি জনপ্রিয় খেলা এবং ২০২১ সালে তালেবানের ক্ষমতায় ফিরে আসার আগ পর্যন্ত দুই দশকে এটি বেশ জনপ্রিয় খেলা ছিল।
মিক্সড মার্শাল আর্ট ফেডারেশন ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তখন আফগানিস্তান ফাইটিং চ্যাম্পিয়নশিপ (এএফসি) এবং ট্রুলি গ্র্যান্ড ফাইটিং চ্যাম্পিয়নশিপ (টিজিএফসি) এর বেশ কয়েকটি লড়াইয়ের আয়োজন করেছিল।
সরকারি ডিক্রিতে সুনির্দিষ্টভাবে এমএএ’র নাম উল্লেখ করা না হলেও, তালেবান ক্ষমতা দখলের পর থেকেই এ খেলা প্রচণ্ড চাপের মুখে পড়ে।
২০২১ সালে তালেবান গোষ্ঠী 'ফেস-পাঞ্চিং' নিষিদ্ধ করে আইন প্রণয়ন করলে এই খেলার প্রতিযোগিতা কার্যকরভাবে নিষিদ্ধ হয়। অনেক খেলোয়াড় তালেবান কর্মকর্তাদের কাছ থেকে হয়রানির শিকার হওয়া এবং হুমকি পাওয়ার অভিযোগও করেছিলেন।
তবে তারপরও কোনও কোনও ক্ষেত্রে কর্তৃপক্ষ এমএমএ খেলোয়াড়দের ছাড় দিয়ে এসেছে।
২০২২ সালে, শীর্ষস্থানীয় লড়াকু খেলোয়ার আহমেদ ওয়ালি হোতাক আসন্ন লড়াইয়ের ঘোষণা দিতে রাজধানী কাবুলে একটি সংবাদ সম্মেলন করতে সক্ষম হয়েছিলেন। সেবার তিনি রাশিয়া থেকে জিতে ফিরেছিলেন।
আফগানিস্তানে ফেরার পর সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করলে তারা তার সঙ্গে ছবি তোলেন।
তবে সর্বশেষ এই নিষেধাজ্ঞা ঘোষণার আগেই বেশিরভাগ প্রতিযোগী দেশ ছেড়েছেন।
এমএমএ এখনও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি স্বীকৃত হয়নি, প্রাথমত নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে।
