২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে বন্দুকধারীর গুলিতে নারী পুলিশ নিহত, আহত ১০

ঘটনাস্থলেই নিরাপত্তা বাহিনী বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে।

ইসরায়েলে বন্দুকধারীর গুলিতে নারী পুলিশ নিহত, আহত ১০
ছবি: বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2024, 06:36 PM

Updated : 26 Aug 2026, 10:36 AM

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বেরশেবায় বন্দুকধারীর গুলিতে এক নারী পুলিশ নিহত ও ১০ জন আহত হয়েছেন।

বিবিসি জানায়, শহরের কেন্দ্রীয় বাস স্টেশনে এই হামলার ঘটনা ঘটে। 'সন্দেহভাজন সন্ত্রাসী হামলার' পর ঘটনাস্থলেই ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়।

নিহতের নাম শিরা ছায়া সুসলিক (১৯), তিনি ইসরায়েলের সীমান্ত পুলিশের সার্জেন্ট। আহতদের কাছের সোরোকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। বাকিরা আপাতত ঝুঁকি মুক্ত।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ঘটনাস্থলেই নিরাপত্তা বাহিনী বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে।

হামলার পরপরই ইসরায়েলের পরিবহনমন্ত্রী মিরি রেগেভ 'সন্ত্রাসীদের' পরিবারকে দেশ থেকে বহিষ্কারের আহ্বান জানান।

'এক্স'-এ তিনি লিখেছেন, 'ইসরায়েলি ভূখণ্ডে হামলা ঠেকাতে প্রতিরোধমূলক সাজা দেওয়ার সময় এসেছে। 

ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ এই হামলার সমালোচনা করে বলেছেন, “আমাদের অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।”

এর আগে গত সপ্তাহে তেল আবিবে জাফা এলাকায় এক বন্দুকধারীর গুলিতে সাতজন নিহত হয়। হামাস এই হামলার দায় স্বীকার করেছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর তেল আবিবের হামলা ছিল অন্যতম ভয়াবহ ঘটনা। ওই হামলার দিনই ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান।