০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ইউক্রেইনে ‘বেসামরিক বাসে রুশ ড্রোন হামলায়’ নিহত ৯

শনিবার সকালে এ হামলায় আরও চারজন আহত হয়েছে, জানিয়েছে সুমি আঞ্চলিক সামরিক প্রশাসন।

ইউক্রেইনে ‘বেসামরিক বাসে রুশ ড্রোন হামলায়’ নিহত ৯
ছবি: সুমি আঞ্চলিক সামরিক প্রশাসন/বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2025, 12:03 PM

Updated : 26 Aug 2026, 12:44 PM

ইউক্রেইনের উত্তরপূর্বে বেসামরিক লোকজনকে বহন করা একটি বাসে রাশিয়ার ড্রোন হামলায় ৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। 

শনিবার সকালে এ হামলায় আরও চারজন আহত হয়েছে বলে সুমি আঞ্চলিক সামরিক প্রশাসনের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

ঘটনাস্থলে পুলিশ, চিকিৎসাকর্মী ও জরুরি পরিষেবার কর্মীরা কাজ করছেন।  

হামলায় বেসামরিক হতাহত নিয়ে তাৎক্ষণিকভাবে রাশিয়ার দিক থেকে কিছু জানা যায়নি। রুশ হামলায় বেসামরিকের মৃত্যু নিয়ে ইউক্রেইন বারবার অভিযোগ জানিয়ে এলেও মস্কোর ভাষ্য, তারা কেবল সামরিক স্থাপনা ও সৈন্য সমাবেশ লক্ষ্য করেই হামলা চালাচ্ছে। 

ইউক্রেইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে বেসামরিকদের মৃত্যু হতে পারে বলে এর আগে ক্রেমলিন এবং রুশপন্থি নানান টেলিগ্রাম চ্যানেলের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হতো।  

২০২২ সালের পর রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে প্রথম সরাসরি শান্তি আলোচনা হওয়ার কয়েক ঘণ্টা পর এ হামলার খবর এল। 

তিন বছর আগে শুরু হওয়া যুদ্ধ কীভাবে বন্ধ হবে তা নিয়ে মস্কো ও কিইভের মধ্যে এখনও যোজন যোজন দূরত্ব থাকায় শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে হওয়া ওই আলোচনায় তেমন অগ্রগতি না হলেও দুই পক্ষ এক হাজার করে যুদ্ধবন্দি বিনিময়ে একমত হয়েছে। 

ইউক্রেইনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ শুক্রবার জানান, বন্দি বিনিময়ের দিন তারিখ ঠিক করা হয়েছে, তবে তা এখনই প্রকাশ করা হচ্ছে না।

এই বৈঠকে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য বৈঠক নিয়েও আলোচনা হয়েছে বলে জানান উমেরভ। শিগগিরই সম্ভাব্য নতুন এক দফা আলোচনার ঘোষণা আসবে বলেও তিনি ইঙ্গিত দেন।

ওদিকে, রাশিয়ার পক্ষ থেকে আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কিও বলেছেন, ইস্তাম্বুলের বৈঠক নিয়ে তারা সন্তুষ্ট এবং ভবিষ্যতেও যোগাযোগ চালিয়ে যেতে প্রস্তুত।