২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ইরানের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা

এই প্রথমবারের মতো ইরানঘনিষ্ঠ কোনো গোষ্ঠী হামলা চালানোর ক্ষেত্রে প্রকাশ্যে তেহরানের সঙ্গে যৌথ সহযোগিতার কথা ঘোষণা করল।

ইরানের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা
গাজা যুদ্ধ শুরুর পর থেকে হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ছবি: আরিয়ানা নিউজ

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2025, 05:57 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

 ইয়েমেনের ক্ষমতাসীন হুতিরা জানিয়েছে, তারা ইসরায়েলের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং এই হামলা মিত্র ইরানের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়েছে। 

এই প্রথমবারের মতো ইরানঘনিষ্ঠ কোনো গোষ্ঠী হামলা চালানোর ক্ষেত্রে প্রকাশ্যে তেহরানের সঙ্গে যৌথ সহযোগিতার কথা ঘোষণা করল। 

রোববার এক টেলিভিশন ভাষণে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, গত ২৪ ঘণ্টায় তারা মধ্য ইসরায়েলের জাফা শহর লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

তিনি বলেন, “নিপীড়িত ফিলিস্তিনি ও ইরানি জনগণের বিজয়ের জন্য এই অভিযান। এটি অপরাধী ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে ইরানি সেনাবাহিনী দ্বারা পরিচালিত অভিযানের সঙ্গে সমন্বিতভাবে চালানো হয়েছে।”

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান ও ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।

গত শুক্রবার ইসরায়েল তার দীর্ঘদিনের শত্রু ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অভিযান চালানোর পর থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে।

ওই দিনই ইসরায়েল জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র অধিকৃত পশ্চিম তীরের হেবরনে গিয়ে পড়ে। তবে তখন হুতিরা ওই ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেনি।

২০২৩-এর ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও এর মিত্র সংগঠনগুলোর যোদ্ধারা ইসরায়েলে আক্রমণ প্রাণঘাতী হামলা চালায়। ওই দিন থেকেই ফিলিস্তিনি ছিটমহল গাজায় ভয়াবহ পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এতে গাজায় যুদ্ধ শুরু হয়, যা ২০ মাস ধরে চলছে। 

গাজা যুদ্ধ শুরুর পর থেকে হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারা বলছে, এসব হামলা গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে চালানো হয়েছে। তবে, ইসরায়েল এসব হামলার জবাবে ইয়েমেনে পাল্টা আঘাত হানে।

এছাড়া, চলতি বছর যুক্তরাষ্ট্রও হুতিদের বিভিন্ন লক্ষ্যস্থলে ব্যাপক হামলা চালিয়েছে। তবে হুতিরা যখন মার্কিন জাহাজে হামলা বন্ধে সম্মত হয়, তখন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ওই সামরিক অভিযান স্থগিত করেন।