১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইসরায়েলের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

গত কয়েক মাসে একই ধরনের অভিযোগে দেশটির ৯জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

ইসরায়েলের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর
তেহরানের একটি সড়কে উড়ছে ইরানি পতাকা। ফাইল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 08:08 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে বাবাক শাহবাজি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

কুলিং ডিভাইস বা শীতলীকরণ যন্ত্রপাতি বসানোর ঠিকাদার পরিচয়ে শাহবাজি সার্ভার রুমসহ সামরিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট কেন্দ্রগুলো থেকে তথ্য সংগ্রহ করতেন বলে অভিযোগ ছিল। 

বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম তার মৃত্যুদণ্ড কার্যকরের খবর দেয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইসরায়েলের সঙ্গে কয়েক দশক করে ছায়াযুদ্ধ চালানো ইরান গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে যোগসাজশ ও তাদের কার্যক্রমে সহায়তার অভিযোগে বহু মানুষকে মৃত্যুদণ্ড দিয়েছে। 

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানিদের মৃত্যুদণ্ড কার্যকরের হার এ বছর আগের তুলনায় বেশি দেখা যাচ্ছে। শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটি সাম্প্রতিক মাসগুলোতেই এমন অন্তত নয় ‘গুপ্তচরের’ সাজা কার্যকর করেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ২০২২ সালের শুরুর দিক থেকে শাহবাজি ইসরায়েলের হয়ে কাজ শুরু করেন। তিনি ইসমাইল ফকরির সঙ্গে কাজ করতেন। 

চলতি বছরের জুনে ইরানে ফকরির মৃত্যুদণ্ড কার্যকর হয়।