আফগানিস্তানে তিন বছরে সাংবাদিক আটক হয়েছে ২৫৬ বার: জাতিসংঘ
আফগানিস্তানে জাতিসংঘ মিশন (ইউএনএএমএ) মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এবং দেশটিতে গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত করার ডাক দিয়েছে।
আফগানিস্তানে তিন বছর আগে তালেবান সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে ২৫৬ বার নির্বিচারে সাংবাদিকদের আটক করেছে।
আফগানিস্তানে জাতিসংঘ মিশন (ইউএনএএমএ) মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আফগান কর্তৃপক্ষকে গণমাধ্যমের সুরক্ষার আহ্বানও জানিয়েছে ইউএনএএমএ।
জাতিসংঘ মিশন (ইউএনএএমএ) এবং জাতিসংঘ মানবাধিকার কার্যালয় এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানে সাংবাদিকরা ‘চ্যালেঞ্জিং পরিস্থিতিতে’ কাজ করছেন।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বিশেষ প্রতিনিধি রোজা ওতুনবায়েভা বলেছেন, “সেখানে সাংবাদিকরা কী নিয়ে প্রতিবেদন করতে পারবেন বা পারবেন না, তা নিয়ে প্রায়ই অস্পষ্ট নিয়ম-কানুনের সম্মুখীন হন। ফলে তাদের নির্বিচারে আটক হওয়া কিংবা হুমকি-ধামকির মুখে পড়ার ঝুঁকি থাকে।”
“আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে সব সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর কাজের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করাসহ গণমাধ্যমে নারীদের কাজ করার গুরুত্ব সম্পূর্ণভাবে স্বীকার করে নেওয়ার আহ্বান জানাই,” বলেন তিনি।
জাতিসংঘ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তালেবান-নেতৃত্বাধীন পররাষ্ট্রমন্ত্রণালয় সাংবাদিকদের নির্বিচারে শত শতবার আটকের ওই পরিসংখ্যান প্রত্যাখ্যান করেছে এবং বলেছে, যারা আটক হয়েছেন তারা অপরাধ করেছেন।
জাতিসংঘ প্রতিবেদনের সঙ্গে বাস্তবতার মিল নেই উল্লেখ করে মন্ত্রণালয় বলেছে, নিরাপত্তা বাহিনী সাংবাদিকদের সুরক্ষায় কাজ করছে। নারীরাও গণমাধ্যমে কাজ করছে জানিয়ে মন্ত্রণালয় বলেছে, তবে নারীদের ইসলামিক কিছু নৈতিক শর্ত মেনে কাজ চালিয়ে যাওয়া বাঞ্ছনীয়। যেমন: তাদের মুখ ঢেকে রাখা এবং পুরুষদের থেকে আলাদাভাবে কাজ করা।
সাংবাদিক আটকের পরিসংখ্যান বাড়িয়ে বলা হয়েছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, আইন মেনেই আটক করা হয়েছে। নির্বিচারে কাউকে আটক করা হয়নি। তবে আফগান তথ্য মন্ত্রণালয় জাতিসংঘ প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।
২০২১ সালে আফগানিস্তান থেকে বিদেশি সেনারা চলে যাওয়ার পর ক্ষমতা দখল করে তালেবান। তারা দেশটিতে কঠোর ইসলামিক শরিয়া আইন আরোপ করে। এই তালেবান প্রশাসনকে এখনও কোনও বিদেশি রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। পশ্চিমা কূটনীতিকরা বলছেন, নারীদের ওপর কড়া নিয়মকানুন আরোপই তালেবানের স্বীকৃতি পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
