হাওয়াই-ক্যালিফোর্নিয়ায় আছড়ে পড়েছে সুনামি, ঝুঁকিতে বিভিন্ন দেশ
যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে আছড়ে পড়েছে ৫ ফুটের বেশি উঁচু ঢেউ। ক্যালিফোর্নিয়া উপকূলে ৩.৬ ফুট উচ্চতার ঢেউ আঘাত হেনেছে। কানাডা, ইন্দোনেশিয়া, পেরু, চিলিসহ আরও দেশ সুনামির ঝুঁকিতে রয়েছে।
রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে শক্তিশালী ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর সৃষ্ট সুনামির ঢেউ আছড়ে পড়ছে প্রশান্ত মহাসাগর অঞ্চলজুড়ে।
যুক্তরাষ্ট্রের হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার উত্তর উপকূলে আঘাত হানছে সুবিশাল ঢেউ। হাওয়াই দ্বীপপুঞ্জে আছড়ে পড়েছে ৫ দশমিক ৫ ফুট (১ দশমিক ৭ মিটার) পর্যন্ত উঁচু ঢেউ।
ওদিকে, উত্তর ক্যালিফোর্নিয়ার ক্রিসেন্ট সিটিতে ৩ দশমিক ৬ ফুট (প্রায় ১ দশমিক ১ মিটার) উচ্চতার ঢেউ আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র।
ক্যালিফোর্নিয়ার কেপ মেনডোসিনো থেকে ওরেগন সীমান্ত পর্যন্ত এলাকায় এখনো সুনামি সতর্কতা বলবৎ রয়েছে।
এর আগে উত্তর ক্যালিফোর্নিয়ার এরিনা কোভে ঢেউয়ের উচ্চতা ছিল ১ দশমিক ৬ ফুট (প্রায় ০ দশমিক ৪৮ মিটার); পরে তা বেড়ে ৩ ফুট (প্রায় ০ দশমিক ৯ মিটার) হয় বলে জানায় সুনামি সতর্কতা কেন্দ্র।
রাশিয়ার স্থানীয় সময় বুধবার সকাল ১১টা ২৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটিকে বিশ্বের অন্যতম শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি বলে মনে করা হচ্ছে।
ভূমিকম্পের পরপরই জাপান, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের কিছু অংশে লক্ষ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
ওয়াশিংটন, সান ফ্রান্সিসকো, অরেগন, এবং আলাস্কসহ যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল এমনকি কানাডার ব্রিটিশ কলম্বিয়াতেও সুনামি সতর্কতা জারি রয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে এই জায়গাগুলো সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
একুয়েডর, ইন্দোনেশিয়া, পেরু, কলম্বিয়াসহ আরও বেশ কিছু দেশে বিভিন্ন মাত্রার সুনামি ঝুঁকির সতর্কতা জারি রয়েছে। কোথায় কী ধরনের জলোচ্ছ্বাসের ঝুঁকি রয়েছে, তার একটি তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র বলেছে, এই ভূমিকম্পের কারণে রাশিয়া ও একুয়ডরে ৩ মিটার (৯ দশমিক ৮ ফুট) পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে।
জাপান, চিলি, পেরু, কোস্টারিকা এবং প্রশান্ত মহাসাগরের আরও কিছু দ্বীপপুঞ্জে ১ থেকে ৩ মিটার উচ্চতার ঢেউয়ের আশঙ্কা রয়েছে।
ফ্রেঞ্চ পলিনেশিয়াতেও সুনামি সতর্কতা জারি রয়েছে। সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের।
মার্কেসাস দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপে ১ দশমিক ১ থেকে ২ দশমিক ২ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় সুনামি সতর্কতা জারি করেছে ফ্রেঞ্চ পলিনেশিয়া কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দাদের উঁচু জায়গা কিংবা আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে ফ্রেঞ্চ পলিনেশিয়ার বাকি অংশে সরাসরি সরে যাওয়ার প্রয়োজন নেই; তবুও উপকূল, নদীর মোহনা ও সৈকত এলাকা থেকে সবাইকে দূরে থাকতে বলা হয়েছে।
সূত্র: রয়টার্স/বিবিসি/আল জাজিরা।
