জাফনা সাগরে শ্রীলংকার নৌবাহিনীর গুলি, দুই ভারতীয় জেলে আহত
এ ঘটনা ভারতীয় জেলে এবং শ্রীলঙ্কার নৌবাহিনীর মধ্যকার চলমান উত্তেজনা আবার সামনে এনেছে, বিশেষত পক প্রণালীতে বিতর্কিত মাছ ধরার অধিকার নিয়ে।
জাফনা সাগরে শ্রীলঙ্কার নৌবাহিনীর গুলিতে ভারতের কারাইকালের দুই জেলে আহত হয়েছেন।
মঙ্গলবার আন্তর্জাতিক সমুদ্রসীমা পেরোনোর অভিযোগে শ্রীলংকা নৌবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া ১৩ জন জেলের মধ্যে রয়েছেন এই দুইজন। তারা পালানোর চেষ্টা করার সময় গুলিতে আহত হন বলে জানিয়েছেন ভারতের পন্ডিচেরির এক সরকারি কর্মকর্তা।
রামেশ্বরম ফিশারম্যান অ্যাসোসিয়েশন (আরএফএ) জানায়, ১৩ ভারতীয় জেলে দুটি নৌকায় করে মাছ ধরতে গিয়েছিলেন জাফনার পারুথুরা সৈকতের কাছে। মাছ ধরার সময়, শ্রীলঙ্কার নৌবাহিনীর একটি টহল বোট ওই এলাকায় গিয়ে দুটো ভারতীয় নৌকাই আটকায়।
শ্রীলঙ্কার নৌবাহিনীর দুই সদস্য এরপর সমুদ্রসীমা লঙ্ঘন করে মাছ ধরার অভিযোগে ভারতীয় জেলেদের গ্রেপ্তার করতে নৌকায় উঠলে জেলেরা পালানোর চেষ্টা করে। এ সময় শ্রীলঙ্কার টহলদল গুলি চালালে দুই জেলে আহত হন। তাদের তৎক্ষণাৎ জাফনা টিচিং হাসপাতালে ভর্তি করা হয়।
শ্রীলঙ্কা কর্তৃপক্ষ বাকি ভারতীয় জেলেদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে, তবে জলজ সম্পদ বিভাগ গ্রেপ্তারের দায় অস্বীকার করেছে বলে জানিয়েছে রামেশ্বরম ফিশারম্যান অ্যাসোসিয়েশন (আরএফএ)।
এই ঘটনা ভারতীয় জেলে এবং শ্রীলঙ্কার নৌবাহিনীর মধ্যে চলমান উত্তেজনা আবারও সামনে এনেছে, বিশেষত পক প্রণালীতে বিতর্কিত মাছ ধরার অধিকার নিয়ে।
ভারতীয় জেলেদের গ্রেপ্তার ও আটকের ঘটনা একটি দীর্ঘস্থায়ী সমস্যা হয়ে উঠেছে, যা নিয়ে ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সম্প্রতি শ্রীলঙ্কার নৌবাহিনী ৪১ জন ভারতীয় জেলেকে আটক করে, তবে পরে তাদের চেন্নাই বিমানবন্দরে ফেরত পাঠানো হয়। এদের মধ্যে ৩৫ জন জেলেকে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর কাচাথিভু দ্বীপের কাছাকাছি সীমান্ত পেরিয়ে মাছ ধরার অভিযোগে গ্রেপ্তার করা হয়, কিন্তু পরবর্তীতে ভারতীয় সরকার এবং তামিলনাড়ু সরকারের হস্তক্ষেপে তাদের মুক্তি দেওয়া হয়।
২০২৪ সালের ১৬ জানুয়ারিতে আটক আরও ১৫ জন ভারতীয় জেলেকেও মুক্তি দিয়ে চেন্নাইতে ফিরিয়ে নেওয়া হয়।
