২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগেভাগে জি৭ সম্মেলন ছেড়ে যাওয়ার সঙ্গে ‘যুদ্ধবিরতির কোনো সম্পর্ক নেই’: ট্রাম্প

“তার (ম্যাক্রোঁ) কোনো ধারণাই নেই, কেন এখন আমি ওয়াশিংটনের পথে। এর সঙ্গে যুদ্ধবিরতির কোনো সম্পর্কই নেই। এটা তার চেয়েও বড় কিছু,” লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট।

আগেভাগে জি৭ সম্মেলন ছেড়ে যাওয়ার সঙ্গে ‘যুদ্ধবিরতির কোনো সম্পর্ক নেই’: ট্রাম্প
কানাডা থেকে ওয়াশিংটনে ফিরতে এয়ার ফোর্স ওয়ানে উঠছেন ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2025, 01:50 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, শিল্পোন্নত সাতটি দেশের জোট জি৭ এর শীর্ষ সম্মেলন ছেড়ে আগেভাগে ওয়াশিংটনে রওনা দেওয়ার সঙ্গে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে কাজের কোনো সম্পর্ক নেই। 

ট্রুথ সোশ্যালে এই পোস্ট দেওয়ার কিছুক্ষণ আগে ট্রাম্পকে এয়ার ফোর্স ওয়ানে উঠতে দেখা যায় বলে জানিয়েছে বিবিসি। 

পোস্টে মার্কিন এ প্রেসিডেন্ট জানান, যুদ্ধবিরতির আলোচনায় যুক্ত হতে ওয়াশিংটন ফিরছি বলে কিছুক্ষণ আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যা বলেছেন, তা একেবারেই ‘ভুল’। 

“তার কোনো ধারণাই নেই, কেন এখন আমি ওয়াশিংটনের পথে। এর সঙ্গে যুদ্ধবিরতির কোনো সম্পর্কই নেই। এটা তার চেয়েও বড় কিছু,” লিখেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট।  

কেন জি৭ সম্মেলন ছেড়ে আগেভাগে চলে যাচ্ছেন, সে প্রসঙ্গে পোস্টে কিছু বলেননি তিনি। কেবল লিখেছেন, ‘স্টে টিউনড’, যার অর্থ ‘নজর রাখুন’। 

এর আগে সোমবার কানাডার অ্যালবার্টায় জি৭ সম্মেলনে ফরাসী প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের আগেভাগে জি৭ ছেড়ে যাওয়ার ঘটনা ইতিবাচক। যুক্তরাষ্ট্র যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, তা মানতে ইসরায়েল ও ইরানকে রাজি করানোই মার্কিন প্রেসিডেন্টের এখনকার লক্ষ্য।

“বসার এবং মতবিনিময়ের একটি প্রস্তাব রয়েছে। বিশেষ করে যুদ্ধবিরতি অর্জন এবং পরে বিস্তৃত আলোচনা শুরুর,” সাংবাদিকদের বলেছিলেন ম্যাক্রোঁ। 

তার আগে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে বলেছিল, ইসরায়েল-ইরান আকাশযুদ্ধ বন্ধ এবং পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় চলতি সপ্তাহেই মার্কিন দূত স্টিভ উইটকফ ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে একটি বৈঠক আয়োজনের সম্ভাব্যতা নিয়ে ওয়াশিংটন তেহরানের সঙ্গে আলোচনা করছে।