২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের সমালোচনা করায় ট্রাম্পের প্রশংসায় ক্রেমলিন

রাশিয়ার গভীরে ইউক্রেইনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা ‘পাগলামি’ বলে যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট দুদিন আগেই সমালোচনা করেন।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 15 Dec 2024, 03:23 PM

Updated : 26 Aug 2026, 11:07 AM

রাশিয়ার ভূখণ্ডের গভীরে ইউক্রেইনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার সমালোচনা করায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছে ক্রেমলিন।

গত বৃহস্পতিবার টাইম ম্যাগাজিনে ট্রাম্প বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হওয়ার পর তার একটি সাক্ষাৎকার ছাপা হয়। তাতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে ইউক্রেইনের হামলার তীব্র সমালোচনা করেছিলেন।

ট্রাম্প বলেছিলেন, “যা ঘটছে তা পাগলামি। কারণ এতে যুদ্ধের তীব্রতা বাড়ছে। ওয়াশিংটনের উচিত না এ অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া।”

ট্রাম্পের এই সমালোচনারই প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট পুতিনের বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ট্রাম্পের বক্তব্য রাশিয়ার অবস্থানের সঙ্গে পুরোপুরে মিলে যায়।

তিনি বলেন, “যুদ্ধের তীব্রতা বাড়ার কারণ সম্পর্কে রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে ট্রাম্পও একমত। এটা স্পষ্ট যে ট্রাম্প বুঝতে পেরেছেন, ঠিক কোন বিষয়টি উত্তেজনা বাড়াচ্ছে।”

রাশিয়া আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছিল, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালানোর জন্য ইউক্রেইনকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে।

তবে কিছু পশ্চিমা নেতা মনে করেন ইউক্রেইনের বাইরেও রাশিয়ার সামরিক আগ্রাসন চালানোর উচ্চাকাঙ্খা আছে। ইউক্রেইন বলছে, শত্রুর বিরুদ্ধে হামলা চালানোর সক্ষমতা তাদের থাকা উচিত। যদিও ইউক্রেইনের ক্ষেপণাস্ত্র হামলা যুদ্ধের গতিপথ আদৌ বদলাতে পারবে কি না, সে বিষয়ে খোদ যুক্তরাষ্ট্রেরই কিছু কর্মকর্তা প্রশ্ন তুলেছেন।