বিশ্বের সবচেয়ে উঁচু ১৪টি শৃঙ্গ জয়ের রেকর্ড নেপালি কিশোরের
মাত্র ১৮ বছর বয়সে নেপালি পর্বতারোহী নিমা রিনজি শেরপা তিব্বতের শিশাপাংমা পর্বতশৃঙ্গে আরোহণ করে এই কৃতিত্ব গড়েছেন।
মাত্র ১৮ বছর বয়সে ইতিহাস গড়েছেন নেপালি পর্বতারোহী নিমা রিনজি শেরপা। বিশ্বের সবচেয়ে উঁচু ১৪টি পর্বতশৃঙ্গের সব কটিই জয় করে সর্বকনিষ্ঠ পর্বতারোহীর বিশ্ব রেকর্ড ভেঙেছেন তিনি।
বুধবার স্থানীয় সময় সকাল প্রায় ৬ টা ৫ মিনিটে তিব্বতের শিশাপাংমা পর্বতশৃঙ্গে আরোহণ করে নিমা রিনজি এই কৃতিত্ব গড়েছেন।
এর মাধ্যমে তিনি বিশ্বের ১৪টি ‘আট হাজারি- অর্থাৎ, আন্তর্জাতিক পর্বতারোহণ ও আরোহণ ফেডারেশনের (ইউআইএএ) স্বীকৃত সমুদ্রস্তরের আট হাজার মিটারেরও বেশি উঁচু পর্বতগুলোর শৃঙ্গে আরোহণ করা মাত্র কয়েকজন মানুষের একজন হলেন।
শেরপা নিমা ১৬ বছর বয়সে উঁচু পর্বতগুলোতে আরোহণ শুরু করেন এবং ৭৪০ দিনের মধ্যে সবগুলো আট-হাজারি পর্বতশৃঙ্গ জয় করেন। তিনি ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর দশম শ্রেণির চূড়ান্ত পরীক্ষার পরই নেপালের মানাসলুর চূড়ায় পৌঁছান, যা বিশ্বের অষ্টম সর্বোচ্চ উঁচু পর্বত।
প্রতিটি অভিযানে নিমার সঙ্গে ছিলেন তার আরোহণ সঙ্গী পাসাং নুরবু শেরপা।বুধবারের শিশাপাংমা আরোহণ এই শেরপার জন্য তার বড় বড় সব অর্জনের তালিকায় নতুন সংযোজন।
তিনি এর আগে বিশ্বের সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসেবে হিমালয়ের জি ও জি২, কাশ্মীরের নাঙ্গা পর্বত, মাউন্ট এভারেস্ট এবং ১০ ঘণ্টার মধ্যে কাছের লোৎসে শৃঙ্গ আরোহণ করেও রেকর্ড করেছেন।
শিশাপাংমার চূড়ায় দাঁড়িয়েও ১৮ বছর বয়সী শেরপা নিমার মনে তার জীবনের আরেকটি উচ্চাকাঙ্ক্ষা ছিল। আর তা হচ্ছে, শেরপাদের কেবল বিদেশি পর্বতারোহীদের সহায়তাকারী হিসেবে দেখার পুরনো ধ্যানধারণা বদলে দিতে চাওয়া।
শিখরে পৌঁছনোর পর তিনি বলেন, “এই চূড়ার-বিজয় আমার ব্যক্তিগত যাত্রার শেষ নয়, এটি প্রতিটি শেরপার প্রতি শ্রদ্ধাঞ্জলি, যারা আমাদের জন্য নির্ধারিত ঐতিহ্যবাহী সীমার বাইরে গিয়ে স্বপ্ন দেখার সাহস করেছেন। পর্বতারোহণ কেবল শ্রম নয়, এটি আমাদের শক্তি, ধৈর্য ও আবেগের সাক্ষ্য দেয়।”
যদিও ‘শেরপা’ শব্দটি সাধারণত এভারেস্টে পর্বতারোহণ গাইড বা পোর্টারকে বোঝাতে ব্যবহার হয়; তবে এটি আসলে নেপালের পাহাড়ি এলাকায় বাস করা একটি জাতিগোষ্ঠীর নাম।
নিমা রিনজি বলেন, তিনি তরুণ প্রজন্মের শেরপাদের কাছে এটি প্রমাণ করে দিতে চান যে, তারা কেবল সহযোগী পর্বতারোহী নন, বরং শীর্ষস্থানীয় অ্যাথলেট, অভিযাত্রী ও সৃষ্টিশীল ব্যক্তিত্ব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার সম্ভাবনা তাদের মধ্যেও আছে।
বুধবার তিনি বলেন, ‘আমরা কেবল গাইডই নই; প্রবর্তকও।” প্রতিটি শেরপার প্রতি আহ্বান হোক, তারা যাতে আমাদের কাজের মর্যাদা, ঐতিহ্যের শক্তি ও ভবিষ্যতের অসীম সম্ভাবনা উপলব্ধি করতে পারে।”
নিমা রিনজি শেরপার পরিবারও রেকর্ডধারী পর্বতারোহীদের পরিবার। তারা বর্তমানে নেপালের বৃহত্তম পর্বতারোহণ সংস্থা ‘সেভেন সামিট ট্রেকস’ পরিচালনা করে। এই সংস্থা থেকেই নিমা শিশাপাংমা অভিযান সম্পন্ন করেন।
রেকর্ড গড়ার পরই বিবিসি-র সঙ্গে কথা বলেন নিমার বাবা তাশি লাকপা শেরপা। স্যাটেলাইট ফোনে নিমা যখন তাকে খবরটি জানাচ্ছিলেন সেই মুহূর্তর কথা বর্ণনা করেন তিনি।
তাশি জানান, তাকে খবরটি জানানোর সময় নিমা বলেছিলেন, “বাবা, আমি চীনা সময় অনুযায়ী ভোর ৬টা ৫ মিনিটে চূড়ায় পৌঁছেছি। আমার সহকর্মী পাসাং নুরবু ও আমি এখানে পৌঁছেছি।”
নিমার বাবা বলেন, “সে খুবই পেশাদার, তাই খুব রোমাঞ্চিতও ছিল না; তার জন্য এটি ছিল স্বাভাবিক। আমি বলেছিলাম, তোমার ওপর আমার আস্থা আছে। নিরাপদে ফিরে এসো।”
নেপালের পর্যটন বিভাগের অধীনে অ্যাডভেঞ্চার ট্যুরিজম ও মাউন্টেনিয়ারিং শাখার পরিচালক রাকেশ গুরুং বিবিসি-কে নিশ্চিত করে বলেন, নিমা রিনজি নতুন রেকর্ড গড়েছেন। তিনি বলেন, “শিখর-বিজয় আজ সকালেই নিশ্চিত হয়েছে। এখন শিবিরে ফিরে আসার পর সার্টিফিকেট দেওয়ার বিষয় আছে।”
এর আগে সবচেয়ে কম বয়সে সব আট-হাজারি পর্বত আরোহণের রেকর্ডধারীও ছিলেন আরেক নেপালি পর্বতারোহী মিংমা গ্যাবু ‘ডেভিড’ শেরপা। তিনি ২০১৯ সালে ৩০ বছর বয়সে রেকর্ড গড়েছিলেন।
রাকেশ গুরুং বলেন, “এখন নতুন রেকর্ডটি ভাঙা বেশ কঠিন হবে।” ১৪টি আট-হাজারি পর্বতের সবগুলোই এশিয়ার হিমালয় ও কারাকোরাম পর্বতমালায় অবস্থিত।
