‘অনেকেই দাদাকে নরকযন্ত্রণা দিয়েছেন, তবু তিনি দাঁড়িয়ে আছেন’: কাই ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নাতনি রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে দাদার হয়ে নির্বাচনি প্রচারে নেমে প্রথম ভাষণে একথা বলেন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নাতনি কাই ট্রাম্প বুধবার রাতে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে দেওয়া প্রথম ভাষণে তার দাদাকে নিয়ে ব্যক্তিগত গল্প শুনিয়েছেন। দাদার ওপর গুলির ঘটনায় কেমন অনুভূতি হয়েছিল তাও প্রকাশ করেছেন তিনি।
ডনাল্ড ট্রাম্পের মনোবলের কথা বর্ণনা করতে গিয়ে কাই বলেছেন, “বহু মানুষ তার দাদাকে নরকযন্ত্রণা দিয়েছেন। এরপরও দাদা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন।”
বুধবার রাতে ১৭ বছরের কিশোরী কাই ভাষণ দিতে মঞ্চে ওঠেন। এ সময় গোটা সম্মেলনকক্ষ হাততালিতে ফেটে পড়ে। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডনাল্ড ট্রাম্প জুনিয়রের বড় মেয়ে এই কাই ট্রাম্প। তিনি ট্রাম্পের ১০ নাতি-নাতনির মধ্যে বড়।
সম্মেলনে উপস্থিত দর্শকশ্রোতা এবং দেশজুড়ে টেলিভিশন পর্দার সামনে কাই শুরুতেই বলেন, দেশবাসীর কাছে তিনি তার দাদার সম্পর্কে এমন কিছু বিষয় তুলে ধরতে চান, যা বেশিরভাগই জানেন না।
ডনাল্ড ট্রাম্পকে আর পাঁচজনের মতই একজন ‘সাধারণ দাদু’ হিসাবে বর্ণনা করেন কাই। তিনি জানান, বিভিন্ন সময় বাবা-মায়ের চোখ এড়িয়ে দাদা তার নাতি-নাতনিদের ক্যান্ডি এবং সোডা খেতে দিয়ে আশকারা দিতেন।
ডনাল্ড ট্রাম্প জানতে চাইতেন তার নাতি-নাতনিরা স্কুলে কেমন পড়াশুনো করছেন। এ প্রসঙ্গে হৃদয়গ্রাহী একটি মুহূর্তের কথা বলেছেন কাই ট্রাম্প।
কাই জানিয়েছেন যে, তিনি যখন স্কুলে খুব ভাল ফল করেছিলেন, তখন দাদা ট্রাম্প নিজের বন্ধুদের দেখানোর জন্য তা ছাপিয়েছিলেন, তুলে ধরেছিলেন যে, নাতনিকে নিয়ে তিনি কতটা গর্বিত।
কাই আরও জানিয়েছেন, দাদা ট্রাম্প প্রায়ই স্কুল চলাকালীন তাকে ফোন করে গল্ফ খেলা সম্পর্কে জিজ্ঞাসা করতেন। সে সময় নিজের গল্প খেলার অভিজ্ঞতার কথা বলতেন। কাই রসিকতা বলেন যে, “দাদাকে মনে করিয়ে দিতে হত যে, আমি স্কুলে আছি তাই বেশি কথা বলা য়াবে না।”
দাদা-নাতনি একসঙ্গে অনেক সময়ই গল্ফ খেলেছেন। খেলার সময় ডনাল্ড ট্রাম্প নানাভাবে কাইকে বিভ্রান্ত করার চেষ্টা করতেন। যা ধরে ফলতে পারতেন কাই। তখন ডনাল্ডকে কাই মনে করিয়ে দিতেন যে, ‘আমিও একজন ট্রাম্প।’
কাই জানিয়েছেন, দাদা সবসময়ই নাতনির মঙ্গল চিন্তা করেন। নাতি-নাতনিদের ফোন করে সুবিধা অসুবিধার কথা জানতে চান। সফল হওয়ার জন্য উত্সাহিত করেন। তবে, অবশ্যই নাতি-নাতনিদের জন্য দাদা সাফল্যের লক্ষ্য নির্ধারণ করেছেন অনেক উঁচুতে, যা একদিন হয়ত ছুঁতে পারবেন বলে আশাবাদী কাই।
এরপরই কাই জানান, পেনসিলভেইনিয়ার নির্বাচনি প্রচার সমাবেশে তার দাদুর উপর হামলার ঘটনায় তিনি কতটা স্তম্ভিত, মর্মাহত হয়েছিলেন। ‘অনেকেই দাদাকে যন্ত্রণা দেওয়ার পরও তিনি দাঁড়িয়ে আছেন’ উল্লেখ করে আবেগাপ্লুত কাই বলেন, “দাদা, আপনি এমনই একজন অনুপ্রেরণা, আমি আপনাকে ভালবাসি।”
সংবাদ মাধ্যমে সাবেক প্রেসিডেন্টের বিতর্কিত নানা কীর্তি নিয়ে যে কাটাছেঁড়া চলে তা নিয়েও মুখ খুলেছেন কাই ট্রাম্প। বলেছেন, “দাদাকে গণমাধ্যমের বেশিরভাগই অন্য আর পাঁচ জনের মতো মনে করে। কিন্তু আমি তাকে জানি তিনি কেমন মানুষ।”
“আমার দাদা খুব যত্নশীল এবং ভালোবাসার মানুষ। তিনি সত্যিই দেশের ভালো চান এবং আমেরিকাকে আবার মহান করার জন্য প্রতিটি দিনই লড়াই করবেন,”- একথা বলেই ভাষণ শেষ করেন কাই।
সূত্র: সিএনএন
