২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েক দশকের মধ্যে প্রথম মস্কো-পিয়ংইয়ং যাত্রীবাহী ফ্লাইট চালু হচ্ছে

১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ের পর এই প্রথম রাশিয়া ও উত্তর কোরিয়ার রাজধানীর মধ্যে নিয়মিত ফ্লাইট শুরু হচ্ছে। আপাতত মাসে একবার ফ্লাইট পরিচালিত হবে।

কয়েক দশকের মধ্যে প্রথম মস্কো-পিয়ংইয়ং যাত্রীবাহী ফ্লাইট চালু হচ্ছে
মস্কোর শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দর  ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2025, 08:41 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

রাশিয়া তাদের রাজধানী মস্কো থেকে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের মধ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু করবে রোববার। রুশ কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

রাশিয়ার বিমান চলাচল ব্লগের তথ্যানুসারে, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ের পর এই প্রথম দুই দেশের রাজধানীর মধ্যে নিয়মিত ফ্লাইট চালু হচ্ছে। এর আগে জুন মাসে মস্কো-পিয়ংইয়ং যাত্রীবাহী ট্রেন পরিষেবা পুনরায় চালু হয়েছে। 

এবার দুই দেশের মধ্যে প্রথম ফ্লাইট মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ছাড়বে বলে বিমানবন্দরের সময়সূচিতে উল্লেখ করা হয়েছে।

রাশিয়া ২০২২ সালে ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর থেকেইেউত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে চলেছে।

রোববার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ  জানিয়েছে, আট-ঘণ্টার ফ্লাইটটি ৪৪০ যাত্রী ধারণক্ষম বোয়িং ৭৭৭-২০০ইআর উড়োজাহাজে করে পরিচালিত হবে। 

টিকিটের দাম শুরু হয়েছে ৪৪,৭০০ রুবল (৫৬৩ ডলার) থেকে এবং প্রথম ফ্লাইটের টিকিট দ্রুত বিক্রি হয়ে গেছে বলেও জানায় আরআইএ।

রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াটসিয়া মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সপ্তাহে দুইবার ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে নর্ডউইন্ড এয়ারলাইন্সকে।

তবে পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আপাতত মাসে একবার ফ্লাইট পরিচালিত হবে।

 রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একমাত্র সরাসরি আকাশপথে ফ্লাইট পরিচালনা করে থাকে উত্তর কোরীয় এয়ারলাইন্স এয়ার কোরিও। রাশিয়ার ফার ইস্টের ভ্লাদিভস্তকে সপ্তাহে তিনবার এই ফ্লাইট পরিচালিত হয়ে আসছে।

ইউক্রেইন ও এর পশ্চিমা মিত্ররা উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়াকে কামান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ করে আসছে। মস্কো ও পিয়ংইয়ং এ অভিযোগ অস্বীকার করেছে।

তবে উত্তর কোরিয়া ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযানে সমর্থন দিতে মস্কোকে ১০ হাজারের বেশি সেনা ও অস্ত্র সহায়তা করেছে। 

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এ মাসে বলেছেন, তার দেশ ইউক্রেইন সংঘাত সমাধানে মস্কোর প্রচেষ্টাকে নিঃশর্তে সমর্থন দিতে প্রস্তুত।