২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন সানায়ে তাকাইচি

জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবারই অভিষেক হতে পারে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনবো অ্যাবের ঘনিষ্ঠ সহযোগীর।

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন সানায়ে তাকাইচি
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কট্টরপন্থি রক্ষণশীল রাজনীতিক সানায়ে তাকাইচি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2025, 11:48 AM

Updated : 26 Aug 2026, 02:31 PM

পার্লামেন্টের নিম্মকক্ষে গুরুত্বপূর্ণ এক ভোটাভুটিতে জয়লাভ করার পর জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কট্টরপন্থি রক্ষণশীল রাজনীতিক সানায়ে তাকাইচি (৬৪) । 

দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নিতে মঙ্গলবার হওয়া এই ভোটাভুটিতে জাপানের পার্লামেন্টের ৪৬৫ আসনের নিম্নকক্ষে ২৩৭ ভোট পান তাকাইচি। জয়ের জন্য তার দরকার ছিল ২৩৩টি ভোট, তার থেকে ৪ ভোট বেশি পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি।  

মঙ্গলবারই জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অভিষেক হতে পারে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনবো অ্যাবের এই ঘনিষ্ঠ সহযোগীর। জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) তাদের পরবর্তী প্রধান হিসেবে রক্ষণশীল জাতীয়তাবাদী সানায়ে তাকাইচিকে বেছে নেওয়ার পর তার প্রধানমন্ত্রী হওয়ার পথ খুলে যায়। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রায় পুরো সময় ধরে জাপানের ক্ষমতায় থাকা এলডিপি ও ডানপন্থি জাপান ইনোভেশন পার্টি (ইশিন) জোট সরকার গঠনে সম্মত হওয়ার পর নিম্মকক্ষের ভোটাভুটিতে জয় পান তাকাইচি। 

এলডিপির নেতা নির্বাচনের দৌড়ে থাকা ৫ প্রার্থীর মধ্যে তাকাইচিই ছিলেন একমাত্র নারী। তার প্রতিদ্বন্দ্বিতা হয় মূলত ৪৪ বছর বয়সী শিনজিরো কোইজুমির সঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত দল সাবেক অর্থনৈতিক নিরাপত্তা ও অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী তাকাইচিকেই তাদের নতুন কাণ্ডারি হিসেবে বেছে নেয়।

সেই পথ ধরে রাষ্ট্রের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জাপানে সর্বোচ্চ পদে নারীর পৌঁছানোর পথের অদৃশ্য বাধাকে ভেঙে দিলেন তিনি। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপানে এখনও পুরুষরা বিশাল আধিপত্য ধরে রেখেছে।  

রয়টার্স জানিয়েছে, জাপানের পার্লামেন্টের কম ক্ষমতাসম্পন্ন উচ্চকক্ষ তাকাইচিকে অনুমোদন করবে বলে ধরে নেওয়া হচ্ছে। 

তেমনটি হলে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় জাপানের ১০৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। বিদায়ী প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হবেন তিনি। ইশিবা প্রধানমন্ত্রী থাকাকালেই এলডিপি ও এর জোটসঙ্গীরা জাপানের পার্লামেন্টের উভয়কক্ষের সংখ্যাগরিষ্ঠতা হারায়। সে ধাক্কাতেই প্রধানমন্ত্রী হিসেবে এক বছর পার হওয়ার আগেই ইশিবাকে পদত্যাগ করতে হয়।