Published : 20 Oct 2023, 05:39 PM
ইরাকে যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটিতে বৃহস্পতিবার ড্রোন ও রকেট হামলা হয়েছে। হামলার শিকার হওয়া আইন আল-আসাদ বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ছাড়াও আরো কয়েকটি দেশের সেনাসদস্যরা রয়েছেন।
পশ্চিম ইরাকে অবস্থিত ওই বিমান ঘাঁটির ভেতর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
হামাস-ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। ইরাকের নানা ইসলামপন্থি জঙ্গিদল ওয়াশিংটনকে হুমকি দিয়ে রেখেছে, হামাসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সহায়তা করে তবে তারা ইরাকে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাবে।
ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে যুক্তরাষ্ট্রের অন্য একটি ঘাঁটিতে বৃহস্পতিবার রকেট হামলার খবর নিশ্চিত করেছে ইরাকি পুলিশ।
দুটো হামলাতে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।