২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন-মেক্সিকো সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু হচ্ছে

চায়না সাদার্ন এয়ারলাইন্স এই প্রথম মেক্সিকোয় সরাসরি ফ্লাইট চালু করছে। আগামী ১১ মে চীনের শেনঝেন থেকে ফ্লাইট যাাবে মেক্সিকো সিটিতে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2024, 11:54 PM

Updated : 10 Sep 2026, 12:04 PM

চায়না সাদার্ন এয়ারলাইন্স এই প্রথম মেক্সিকোয় সরাসরি বাণিজ্যিক যাত্রীবাহী ফ্লাইট চালু করতে চলেছে। চীনের শেনঝেন থেকে এই ফ্লাইট যাাবে মেক্সিকো সিটিতে।

প্রায় ১৪ হাজার ১৪৭ কিলোমিটার পাড়ি দিয়ে এ ফ্লাইট পৌঁছবে গন্তব্যে। এটাই হবে চীন থেকে সবচেয়ে দীর্ঘ পথে বিরতিহীন বাণিজ্যিক ফ্লাইট।

সিএনএন জানায়, উদ্বোধনী ফ্লাইট চীনের শেনঝেন থেকে ছেড়ে যাবে আগামী ১১ মে। ১৬ ঘণ্টা বিরতিহীন উড়ানের পর সেটি মেক্সিকো সিটিতে পৌঁছবেন যাত্রীরা।

সিঙ্গাপুর-নিউ ইয়র্ক (১৫ হাজার ৩৩২ কিলোমিটার পথ) রুটে সিঙ্গাপুর এয়ারলাইন্স পরিচালিত ১৯ ঘণ্টার ফ্লাইট এখন বিশ্বের সবচেয়ে দীর্ঘ পথে বিরতিহীন উড়ানের দাবিদার।

চায়না সাদার্ন এয়ারলাইন্সের মেক্সিকো রুট চালু হলে তা সিঙ্গাপুর এয়ারলাইন্সের সিঙ্গাপুর-লস অ্যাঞ্জেলেস রুটের দূরত্ব অতিক্রম করে যাবে। বিমানে সিঙ্গাপুর থেকে লস এঞ্জেলেসে যেতে পাড়ি দিতে হয় ১৪ হাজার ১০১ কিলোমিটার।

চায়না সাদার্ন এয়ারলাইন্সই এর আগে প্রথম মেক্সিকোতে ফ্লাইট শুরু করেছিল। ২০১৭ সালের এপ্রিলে তারা গুয়াংঝু থেকে ভ্যাঙ্কুভার হয়ে মেক্সিকো যাত্রা শুরু করে। এবার সরাসরি মেক্সিকো সিটিতে যাবে তারা।