গাজার জন্য যুদ্ধোত্তর পরিকল্পনা না করলে পদত্যাগের হুমকি ইসরায়েলি মন্ত্রীর
গাজা ভূখণ্ডের উভয় প্রান্তে লড়াই তীব্র হয়ে ওঠার মধ্যেই যুদ্ধের গন্তব্য নিয়ে ইসরায়েলে রাজনৈতিক মতভেদ বেড়ে চলেছে।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি ছিটমহল গাজার জন্য একটি একটি যুদ্ধোত্তর পরিকল্পনা নির্ধারণ না করলে পদত্যাগ করার হুমকি দিয়েছেন ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ।
ছয়টি ‘কৌশলগত লক্ষ্য’ অর্জনে ৮ জুনের মধ্যে একটি পরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছেন গ্যান্টজ। এসব লক্ষ্যের মধ্যে গাজায় হামাসের শাসন অবসান ঘটিয়ে সেখানে একটি বহুজাতিক বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা অন্যতম।
“আপনি যদি জাতীয়কে ব্যক্তিগতের ওপরে রাখেন তাহলে এই সংগ্রামে আপনি আমাদের অংশীদার হিসেবে পাবেন। কিন্তু ধর্মান্ধদের পথ বেছে নিয়ে পুরো জাতিকে রসাতলে নিয়ে গেলে আমরা সরকার থেকে বের হয়ে যেতে বাধ্য হব,” গ্যান্টজ এমনটি বলেছেন বলে তাকে উদ্ধৃত করে জানিয়েছে বিবিসি।
নেতানিয়াহু এসব মন্তব্যকে `অর্থহীন কথা’ বলে উড়িয়ে দিয়ে বলেছেন, এর অর্থ হবে ‘ইসরায়েলের জন্য পরাজয়’।
গাজা ভূখণ্ডের উভয় প্রান্তে লড়াই তীব্র হয়ে ওঠার মধ্যেই যুদ্ধের গন্তব্য নিয়ে ইসরায়েলে রাজনৈতিক মতভেদ বেড়ে চলেছে।
গাজার উত্তরাঞ্চলে গাজা সিটির নিকটবর্তী জাবালিয়া শরণার্থী শিবিরের অনেক ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। আগে ইসরায়েল জানিয়েছিল, তারা জাবালিয়া শরণার্থী শিবির ‘হামাস যোদ্ধা’ মুক্ত করেছে। কিন্তু হামাসের যোদ্ধারা ফের সেখানে জড়ো হচ্ছে জানিয়েছে গত সপ্তাহে আবার জাবালিয়ায় প্রবেশ করে ইসরায়েলি সেনারা।
কয়েকদিন আগে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভার আরেকজন সদস্য প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট গাজায় বেসামরিক ও সামরিক শাসনভার নেওয়ার কোনো পরিকল্পনা ইসরায়েলের নেই, প্রকাশ্যে এমনটি জানানোর জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছিলেন।
গ্যালান্ট ও গ্যান্টজ বলছেন, গাজার ওপর সামরিক নিয়ন্ত্রণ ধরে রাখলে ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে। অপরদিকে নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট সরকারের কট্টর ডানপন্থি সদস্যরা বিশ্বাস করেন, হামাসকে পরাজিত করতে নিয়ন্ত্রণ ধরে রাখা প্রয়োজন।
শনিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে গ্যান্টাজ নেতানিয়াহুকে বলেন, “ইসরায়েলের জনগণ আপনাকে দেখছে। আপনাকে অবশ্যই জায়নবাদ ও সিনিসিজমের মধ্যে, ঐক্য ও দলাদলির মধ্যে, দায়িত্ব ও নৈরাজ্যের মধ্যে, জয় ও বিপর্যয়ের মধ্যে একটিকে বেছে নিতে হবে।”
তার নির্ধারিত ছয়টি ‘কৌশলগত লক্ষ্যের’ অন্যতম ১ সেপ্টেম্বরের মধ্যে গাজায় এখনও হামাসের হাতে বন্দি সব ইসরায়েলি ও বিদেশি জিম্মিকে ফিরিয়ে আনা এবং বাস্তুচ্যুত বেসামরিক ফিলিস্তিনিদের গাজার উত্তরাঞ্চলে ফিরিয়ে আনা।
তিনি আরও বলেছেন, ‘ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে মুক্ত বিশ্ব ও পশ্চিমাদের সঙ্গে একটি জোট গঠনের জন্য ব্যাপক প্রক্রিয়ার’ অংশ হিসেবে ইসরায়েলের উচিত সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের চেষ্টা চালিয়ে যাওয়া।
গ্যান্টজের ভাষণের প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেছেন, “গ্যান্টজের দাবি পূরণ করতে গেলে যুদ্ধ শেষ করতে হবে আর ইসরায়েলের জন্য পরাজয়, অধিকাংশ জিম্মিকে পরিত্যাগ করতে হবে, হামাসকে অক্ষত রেখে চলে আসতে হবে আর একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে।”
৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গাজা সংলগ্ন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে প্রায় ১২০০ জনকে হত্যা ও ২৫০ জনের মতো লোককে ধরে নিয়ে গিয়ে জিম্মি করে রাখার পর ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা প্রতিষ্ঠা করা হয়।
আরও পড়ুন:
