ইউক্রেইনীয় বাহিনীকে প্রশিক্ষণ দিতে সেনা পাঠাচ্ছে নিউজিল্যান্ড
ইউক্রেইনের প্রায় ৮০০ সেনাকে প্রশিক্ষণ দেওয়া হবে। যুক্তরাজ্যের চার স্থানের একটিতে একান্তভাবে দেওয়া হবে এই প্রশিক্ষণ।
রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেইনীয় বাহিনীকে সম্মুখযুদ্ধের প্রশিক্ষণ দিতে ১২০ সেনা কর্মকর্তা যুক্তরাজ্যে পাঠাচ্ছে নিউজিল্যান্ড। সেখানেই প্রশিক্ষণ দেওয়া হবে।
নিউজিল্যান্ড সরকার সোমবার একথা জানিয়েছে।
পাঠানো সেনাদের দুটি পদাতিক প্রশিক্ষণ দল ইউক্রেইনীয় বাহিনীকে যুদ্ধক্ষেত্রে কার্যকর মূল দক্ষতা, অস্ত্র চালনা, যুদ্ধক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা, অভিযানসংক্রান্ত নিয়মকানুন ও অন্যান্য দক্ষতায় প্রশিক্ষিত করে তুলবে।
ইউক্রেইনের প্রায় ৮০০ সেনাকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। যুক্তরাজ্যের চারটি স্থানের মধ্যে একটিতে একান্তভাবে দেওয়া হবে এই প্রশিক্ষণ।
নিউজিল্যান্ডের প্রতিরক্ষা কর্মকর্তারা ইউক্রেইনে ভ্রমণ করবেন না বলে জানানো হয়েছে সরকারের এক বিবৃতিতে।
এক সংবাদ সম্মেলনে সেনা মোতায়েনের ঘোষণা দিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অড্রুন বলেছেন, “আমরা পরিষ্কার করে বলেছি যে, একটি দেশের সার্বভৌমত্বের ওপর প্রকাশ্য হামলা এবং এর পরিণতিতে নিরীহ মানুষের জীবনহানি ভুল পদক্ষেপ এবং তা সহ্য করা যায় না। আমরা এর নিন্দা জানিয়ে যাব এবং গুরুত্বপূর্ণ সমর্থনও পাব।”
তবে তিনি জোর দিয়ে বলেন, নিউজিল্যান্ডের সেনারা ইউক্রেইনে গিয়ে যুদ্ধে জড়ায়নি এবং জড়াবেও না।
গত মে মাসে ইউক্রেইনীয় সেনাদেরকে গোলা ছোড়ার প্রশিক্ষণ দিয়েছে নিউজিল্যান্ডের ৩০ প্রতিরক্ষা কর্মকর্তা।
ইউক্রেইনে গত ২৪ ফেব্রুয়ারিতে রাশিয়ার শুরু করা আগ্রাসনের বিরুদ্ধে ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসাবেই ইউক্রেইনীয় বাহিনীর প্রশিক্ষণের জন্য সেনা মোতায়েনের এই উদ্যোগ।
