২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা রোবটকে নিজেদের বলে দাবি, দিল্লির এআই সম্মেলন থেকে বাদ নয়ডা বিশ্ববিদ্যালয়

চীনের তৈরি রোবট কুকুরকে নিজেদের বলে চালিয়ে প্রতারণা করার অভিযোগে উত্তর প্রদেশে নয়ড়ার গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয়কে অবিলম্বে চলমান এআই সম্মেলন থেকে সরে যেতে বলা হয়।

চীনা রোবটকে নিজেদের বলে দাবি, দিল্লির এআই সম্মেলন থেকে বাদ নয়ডা বিশ্ববিদ্যালয়
গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয়। ছবি:রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2026, 08:42 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

চীনা কোম্পানির তৈরি রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন বলে চালিয়ে দিয়ে বিপাকে পড়েছে ভারতের উত্তর প্রদেশে নয়ড়ার গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয়। 

প্রতারণার অভিযোগে বিশ্ববিদ্যালয়টিকে অবিলম্বে তাদের প্রজেক্ট (রোবট কুকুর) নিয়ে সরে যেতে বলা হয়েছে রাজধানী দিল্লিতে চলমান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলন থেকে। যদিও বিশ্ববিদ্যালয়ের দাবি, তারা এমন কোনও নির্দেশ এখনও পায়নি।

বিতর্কের সূত্রপাত নয়ডার গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয়ের প্রদর্শনীকে কেন্দ্র করে। দিল্লির 'কৃত্রিম বুদ্ধিমত্তা' (এআই) সম্মেলনে বিশ্ববিদ্যালয়টির প্রতিনিধিরা একটি রোবট-কুকুর প্রদর্শন করে, যার নাম দেওয়া হয়েছিল ‘অরিয়ন’।

মূলত নজরদারি চালানোর কাজেই এই কুকুর ব্যবহার করা হয়। সেই রোবট কুকুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই বিতর্ক দানা বাঁধে।

ভিডিওতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নেহা সিংহকে দাবি করতে শোনা যায়, এই রোবটটি তাদের প্রতিষ্ঠানের ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এ তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সাড়ে ৩০০ কোটি রূপি প্রকল্পের অধীনে রোবটটি তৈরি করেছে!

কিন্তু ভিডিওটি ছড়িয়ে পড়তেই আসল তথ্য ফাঁস করেন নেটিজেনরা। সোশাল মিডিয়া ব্যবহারকারী অনেকে দাবি করেন, ওই রোবট নয়ডা বিশ্ববিদ্যালয়ে তৈরি নয়। এটি আসলে চীনা পণ্য। 

রোবটটির নাম ‘ইউনিট্রি গো-২’। বাণিজ্যিক কারণে এই রোবট ব্যবহার করে চীন। অনলাইনেও রোবটটি কিনতে পাওয়া যায়। ভারতীয় মুদ্রায় দাম প্রায় দু’লক্ষ ৩০ হাজার রূপি।

নাম বদলে চীনা প্রযুক্তিকে নিজেদের উদ্ভাবন বলে প্রচার করার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ঝড় বয়ে যেতে শুরু করে।

বিতর্ক শুরু হতেই তড়িঘড়ি একটি খসড়া বিবৃতি পেশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে জানানো হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনই দাবি করেননি, তারা ওই রোবট কুকুর তৈরি করেছে। 

বিবৃতিতে বলা হয়, “বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পরীক্ষা-নিরীক্ষার কাজে রোবটটি ব্যবহার করা হয়। এর বিস্তৃতি, কী কী কাজ করে পারে, তা অধ্যয়নই আসল উদ্দেশ্য।”

বিশ্ববিদ্যালয়ের দাবি, তারা কেবল এমন প্রতিভার বিকাশ ঘটাচ্ছে যারা ভবিষ্যতে ভারতে এই ধরনের প্রযুক্তি বানাতে পারবে।

তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার সকালেও এআই সম্মেলনে বিশ্ববিদ্যালয়টির স্টল খোলা ছিল এবং সেখানে কর্মকর্তারা চৌর্যবৃত্তি ও ভুল উপস্থাপনের অভিযোগ নিয়ে গণমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হচ্ছিলেন।

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস এই ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করেছে। দিল্লি এআই সম্মেলনে প্রায় ২০ জন বিশ্বনেতা ও কয়েক ডজন দেশের প্রতিনিধি উপস্থিত রয়েছেন।

 কংগ্রেস এক পোস্টে বলেছে, “মোদী সরকার এআই-এর ক্ষেত্রে ভারতকে বিশ্বজুড়ে হাসির পাত্রে পরিণত করেছে। চীনের তৈরি রোবটকে নিজেদের বলে চালিয়ে দেওয়া হচ্ছে, যা অত্যন্ত লজ্জাজনক ও নির্লজ্জের মতো কাজ।”

ভারতের কেন্দ্র সরকার এমন সমালোচনার মুখে পড়ার পরই এআই সম্মেলন থেকে নয়ডার বিশ্ববিদ্যালয়কে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।