২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে বিস্ফোরণে তালেবানের শরণার্থী মন্ত্রী নিহত

২০২১ সালে বিদেশি সেনারা আফগানিস্তান ছাড়ার পর খলিল হাক্কানি তালেবানের অন্তর্বর্তী সরকারের মন্ত্রী হয়েছিলেন।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 11 Dec 2024, 08:30 PM

Updated : 26 Aug 2026, 11:06 AM

আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী এক বিস্ফোরণের ঘটনায় তালেবান সরকারের শরণার্থী মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি ও আরও ছয়জন নিহত হয়েছে। তার ভাতিজা আনাস হাক্কানি একথা জানিয়েছেন।

বুধবারের এ ঘটনায় শোক প্রকাশ করে আনাস বলেন, “আমরা অত্যন্ত সাহসী এক মুজাহিদকে হারালাম। আমরা তাকে এবং তার ত্যাগকে কখনও ভুলব না।” বিস্ফোরণের কে বা কারা ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি।

২০২১ সালে বিদেশি সেনারা আফগানিস্তান ছাড়ার পর খলিল হাক্কানি তালেবানের অন্তর্বর্তী সরকারের মন্ত্রী হয়েছিলেন। তিনি হাক্কানি নেটওয়ার্কের একজন শীর্ষ নেতা ছিলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মোতাবেক, ২০ বছরের আফগান যুদ্ধে বড় ধরনের হামলাগুলোর জন্য দয়ী ছিল এই হাক্কানি গোষ্ঠী।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর নিরাপত্তা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু শহরাঞ্চলগুলোতে একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনা সেই প্রতিশ্রুতির বাস্তবায়নকে প্রশ্নবিদ্ধ করেছে। 

২০২২ সালে হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজউদ্দিন হাক্কানির নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এক বিস্ফোরণে চারজন নিহত হয়। ২০২৩ সালে তালেবান পরিচালিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ইসলামিক স্টেট (আইএস)-এর হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়।

২০১১ সালে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রণালয় খলিল হাক্কানিকে ‘বিশ্বের বিশেষভাবে চিহ্নিত সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করে। এমনকি তার সম্পর্কে কেউ তথ্য দিলে তাকে ৫০ লাখ ডলার পুরস্কার দেওয়ারও ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।